আইন প্রণয়ন, মুলতবি প্রস্তাব আনা, সংসদীয় কমিটিগুলোতে সক্রিয়তা, সরকারের সাধারণ সমালোচনা—কোনো কিছুতেই বিরোধী মেজাজে নেই জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। গত দুই বছরে ৪৮টি আইন প্রণয়ন হয়েছে, এর কোনোটিতেই সরকারকে বিরোধী দলের মুখোমুখি হতে হয়নি। এই সময়ে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মুলতবি প্রস্তাবও উত্থাপন করা হয়নি।
৪০ সাংসদের প্রধান বিরোধী দলের এই অবস্থানের বিপরীতে ১৬ জন স্বতন্ত্র সাংসদের মোর্চা অনেক বেশি সক্রিয় ছিল এই দুই বছর। এই জোটের হাজি মো. সেলিম ও রুস্তম আলী ফরাজী সরকারের সমালোচনা করে সংসদকে এখনো কিছুটা জিইয়ে রেখেছেন। তাঁরা অবশ্য সংসদেই জাতীয় পার্টিকে ‘কাগুজে বিরোধী দল’ বলে আখ্যা দিয়েছেন।
তবে সরকারি দল মনে করছে, দশম জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি আড়াই দশকের সংসদ বর্জনের সংস্কৃতি ভেঙে দিয়েছে। তারা সরকারের ভালো কাজের প্রশংসা করছে। সরকারি দলের মুখে বিরোধী দলের প্রশংসাও এই সংসদের অন্যতম আকর্ষণ।
বিএনপিবিহীন বর্তমান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। আজ এই সংসদের দুই বছর পূর্তি। নবম অধিবেশন পর্যন্ত ১৬৮ কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন ১৪৩ দিন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ছিলেন ৯৬ দিন।
সংসদের কার্যক্রম বিশ্লেষণকারীদের মতে, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং আনিসুল ইসলাম মাহমুদ, মসিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করায় সংসদে বিরোধী দল হিসেবে তাঁদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী, হাজি সেলিমসহ আরও কয়েকজন একাধিকবার জাপাকে কাগুজে বিরোধী দল হিসেবে আখ্যায়িত করেছেন। অবশ্য এ বিতর্কে সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদেরা জাপার সমর্থনে কথা বলেছেন।
বিরোধী দল হিসেবে জাপা বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গত বছরের ১ সেপ্টেম্বর ওয়াকআউট করেছিল। এ ছাড়াও তারা বিভিন্ন কারণে একাধিকবার ওয়াকআউট করেছে। এর বাইরে গত দুই বছরে সরকারি ও বিরোধী দলকে কোনো বিষয়ে বড় ধরনের বিতর্কে জড়াতে দেখা যায়নি। বেশির ভাগ সময়ে দুটি দল সংসদের বাইরে থাকা বিএনপির সমালোচনা করে সময় কাটিয়েছে।
জানতে চাইলে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় পার্টি সরকারের ভালো কাজের প্রশংসা এবং মন্দ কাজের নিন্দা করে। সংসদ বর্জন করে সংসদকে অকার্যকর করে না।
আইন পাসে নিষ্ক্রিয় বিরোধী দল: অষ্টম অধিবেশন পর্যন্ত বর্তমান সংসদে ৪৮টি আইন পাস হয়েছে। এসব বিল পাস নিয়ে সরকারি দলকে কখনো প্রধান বিরোধী দলের বাধার মুখে পড়তে হয়নি। আইন পাসের সময় বিরোধী দলের সাংসদদের অংশগ্রহণও ছিল কম।
তবে জাপার সাংসদ ফখরুল ইমাম নিয়মিতভাবে বিভিন্ন বিলের ওপর নোটিশ দিয়েছেন। হাতে গোনা কয়েকটি বিলের ওপর নোটিশ দিয়েছেন এম এ হান্নান, রওশন আরা মান্নান, নুরুল ইসলাম ওমর, মাহজাবীন মোরশেদ, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম ও পীর ফজলুর রহমান। বাকিরা ছিলেন নিষ্ক্রিয়।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংসদে সংবিধানের ষোড়শ সংশোধন বিল পাস হয়। জাতীয় পার্টি তাদের সংসদীয় দলের বৈঠকে সংবিধান সংশোধন বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিলেও অধিবেশনে এসে সমর্থনই জানিয়েছিল।
বিল নিয়ে সরকারকে অনেক বেশি বাধার মুখে পড়তে হয়েছে স্বতন্ত্র সাংসদদের দিক থেকে। হাজি সেলিম ও রুস্তম আলী ফরাজী প্রতিটি বিলের ওপরই ধারাবাহিকভাবে নোটিশ দিয়ে গেছেন। তাঁদের সমর্থনে কমবেশি নোটিশ দিয়েছেন অপর দুই স্বতন্ত্র সাংসদ আবদুল মতিন ও তাহজীব আলম সিদ্দিকী। যে কারণে অন্তত দেড়-দুই মিনিটে বিল পাস হওয়ার ঘটনা ঘটেনি।
জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিরোধী দল সংসদে নিয়মিত অংশ নিচ্ছে এবং সংসদীয় কাজে ভূমিকাও রাখছে। বিল পাসের ক্ষেত্রে তারা নিয়মিত নোটিশ দিচ্ছে। প্রয়োজনে ওয়াকআউট করছে কিন্তু সংসদ বর্জন করছে না। যার ফলে এবারের সংসদ আগের চেয়ে অনেক বেশি কার্যকর।
মুলতবি প্রস্তাব নেই প্রধান বিরোধী দলের: গত দুই বছরে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি থেকে একটি মুলতবি প্রস্তাবও উত্থাপন করা হয়নি। স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ১২টি ও রুস্তম আলী ফরাজী তিনটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন। মুলতবির বিষয় ছিল জলবায়ু প্রকল্পে লুটপাট, বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে না কমানো, গ্যাস-সংকট, পেট্রলবোমা মেরে নির্বিচারে মানুষ হত্যা, সুন্দরবনের শ্যালা নদীতে তেলের ট্যাংকারডুবি ইত্যাদি বিষয়ে। তবে যথাযথ মনে না করায় স্পিকার প্রস্তাবগুলো গ্রহণ করেননি।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বিরোধী দল একটি মুলতবি প্রস্তাবও দেয়নি—এই একটি উদাহরণ বলে দেয় তারা সত্যিকারের বিরোধী দল নয়। আর কোনো ব্যাখ্যার দরকার হয় না। আসলে মন্ত্রিসভায় থেকে কখনো বিরোধী দল হওয়া যায় না।
সক্রিয় মাত্র দুটি কমিটি: দুই বছরে ৫০টি সংসদীয় কমিটির ৬৩৫টি ও উপকমিটির ১১০টি বৈঠক হয়েছে। সবচেয়ে বেশি ৪০টি বৈঠক করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। সবচেয়ে কম—একটি বৈঠক করেছে পিটিশন কমিটি। বিশেষ অধিকার-সম্পর্কিত সংসদীয় কমিটি এবং কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত সংসদীয় কমিটির কোনো বৈঠকই হয়নি।
মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিগুলোর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বৈঠক করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ২৩টি, নৌপরিবহন ও প্রাথমিক-গণশিক্ষাবিষয়ক কমিটি ২১টি করে, মহিলা ও শিশুবিষয়ক ও পরিকল্পনাবিষয়ক কমিটি ১৯টি করে ও রেলপথবিষয়ক সংসদীয় কমিটি ১৮টি। কম বৈঠক করেছে স্বাস্থ্য সাতটি, পররাষ্ট্র আটটি, ত্রাণ ও দুর্যোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রবাসীকল্যাণ নয়টি করে, শ্রম ও কর্মসংস্থান, গৃহায়ণ, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার ১০টি করে এবং ডাক ও টেলিযোগাযোগ, খাদ্য, সংস্কৃতি, শিল্প ও মুক্তিযুদ্ধ ১১টি করে বৈঠক করেছে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, মন্ত্রণালয়গুলো কমিটির ৬০ শতাংশের মতো সুপারিশ বাস্তবায়ন করেছে। তবে গুরুত্বপূর্ণ সুপারিশের চেয়ে অগুরুত্বপূর্ণ সুপারিশ বেশি বাস্তবায়িত হয়।
বিভিন্ন কমিটির সদস্যদের অভিমত, কমিটির সভাপতিদের মধ্যে কয়েকজন আগের সরকারের একই মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী থাকায় কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাঁদের মধ্যে আছেন এ বি তাজুল ইসলাম (মুক্তিযুদ্ধ), রমেশ চন্দ্র সেন (পানিসম্পদ), ফারুক খান (বিমান), দীপু মনি (পররাষ্ট্র), রেজাউল করিম (ভূমি), হাছান মাহমুদ (পরিবেশ ও বন), ওমর ফারুক চৌধুরী (শিল্প), মন্নুজান সুফিয়ান (শ্রম) এবং মোতাহার হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা)।
সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের দেওয়া ক্রেস্টে জালিয়াতির অভিযোগ আছে। সংসদীয় কমিটি কয়েক মাস আগে এই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। তাতে তারা কমিটির সভাপতির কোনো সংশ্লিষ্টতা পায়নি।
এ বিষয়ে কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, ‘যিনি অভিযুক্ত, তিনিই সভাপতি। কীভাবে তাঁর বিরুদ্ধে বলি। চক্ষুলজ্জা বলেও কিছু একটা আছে।’
সরকারি হিসাব কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। তিনি একই সঙ্গে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান। সম্প্রতি ঋণ বিতরণে অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক তাঁর ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে। এই নিয়োগের চার দিনের মাথায় এই কমিটি বাংলাদেশ ব্যাংকের আর্থিক নিরীক্ষা দাবি করেছে। যদিও তিনি প্রথম আলোকে বলেছেন, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
এসবের মধ্যেও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় ও সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটি ব্যাংকগুলোর অনিয়ম নিয়ে একাধিক কার্যকর বৈঠক করেছে। তারা বেসিক ব্যাংকের দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য একাধিকবার দুর্নীতি দমন কমিশনকে বলেছে। কমিশন তাদের সুপারিশ আমলে না নেওয়ায় এ নিয়ে তা দুটি কমিটি ক্ষোভও প্রকাশ করেছে।
সাধারণ আলোচনায় শুধু সরকার-বন্দনা: দুই বছরে আটটি বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে। এর মধ্যে ২০১৫ সালে ভারতের সংসদে বাংলাদেশ-ভারতের স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ায় ভারতের জনগণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ধন্যবাদ জানানো হয়। ওই আলোচনায় ৩২ জন সাংসদ ২ ঘণ্টা ৪৯ মিনিট বক্তব্য দেন।
বাংলাদেশের বংশোদ্ভূত রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ রেজওয়ান সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়ে আলোচনা হয় ২ ঘণ্টা ৩৪ মিনিট। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৯ জন বক্তব্য দেন।
বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ৪ ঘণ্টা ১০ মিনিট। আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের ৩৪ জন।
প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ২০১৫ পুরস্কার পাওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়ে আলোচনা হয় ৫১ মিনিট। এতে ২৮ জন সাংসদ অংশ নেন।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে (আইআরআই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের জনসমর্থন বেড়েছে মর্মে তথ্য প্রকাশিত হলে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ২ ঘণ্টা ৫৩ মিনিট। এতে অংশ নেন ২৯ জন সাংসদ।
তার আগে ২০১৪ সালে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট ও শিরীন শারমিন চৌধুরী সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড পাওয়ায় ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়। এসব আলোচনায় সরকার ও বিরোধী দলের ভাষা ছিল প্রায় একই রকম প্রশংসাসূচক।
সংসদে জাতীয় পার্টির দুই বছরের মূল্যায়ন করতে বললে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, জাতীয় পার্টি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জনগণের পক্ষে এবং জনগণের কথা সরকারের কাছে পৌঁছানোই বিরোধী দলের কাজ। সে কাজটি জাতীয় পার্টি করতে পারেনি।
ভবিষ্যতে এ ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নেবেন—জানতে চাইলে জি এম কাদের বলেন, বিরোধী দলের সদস্যরা সরকারের মন্ত্রিসভায় থাকলে আইনগত জটিলতা তৈরি হয়। তখন সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে তাঁরা সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারেন না। তাতে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। তাই তাঁরা সরকারের কোনো বিলের বিরুদ্ধে ভোট দেননি। এভাবে চললে ভবিষ্যতেও জনগণের জন্য কাজ করতে পারবেন না।