সরকারি রাস্তা কেটে ধান চাষ
রংপুরের পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের বালাপাড়া-ফকিরপাড়া গ্রামে সরকারি রাস্তা কেটে ধান চাষ করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। ছয় মাস আগে তাঁরা রাস্তাটি কেটে ফেলেন। এখন ওই জমিতে তাঁরা বোরো ধানের আবাদ করছেন।
এ কারণে ওই রাস্তায় চলাচলকারী আটটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত পাঁচজনই জামিন নিয়ে অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অভিযোগ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, বালাপাড়া ও ফকিরপাড়া গ্রামের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গায় ওই রাস্তাটির প্রায় ২০০ মিটার অংশের মাটি কেটে আবাদি জমি বানানো হয়েছে। আর লোকজনের চলাচলের জন্য রাখা হয়েছে হেঁটে চলার সরু পথ।
স্থানীয় লোকজন ও মামলার এজাহার থেকে জানা গেছে, ফকিরপাড়া গ্রামের মৃত ছলিম ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির, লিমন ফকির, রবিউল ফকির, খোকন ফকির ও সুমন ফকির গত বছরের ৮ জুলাই বালাপাড়া-ফকিরপাড়া গ্রামের ভেতর দিয়ে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তার প্রায় ২০০ মিটার অংশ কেটে কৃষিজমি বানান। এ সময় তাঁরা ওই রাস্তায় রোপণ করা অর্ধলক্ষাধিক টাকার ১০-১২টি গাছ কেটে এবং একটি কালভার্ট ভেঙে ইট তুলে নেন। এ ঘটনায় ফকিরপাড়া গ্রামের আবুল হোসেন ওই দিনই তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন।
পরে চেয়ারম্যান বিষয়টি তদন্ত করে সত্যতা পান এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন দেন। বিষয়টি পুনরায় তদন্ত করতে ইউএনও আলিয়া ফেরদৌস উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার এস এম এ কাদিরকে নির্দেশ দেন। এস এম এ কাদির ৩১ জুলাই সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পান। পরে তিনি গত ৩ সেপ্টেম্বর বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় পীরগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল হাসান ৪ সেপ্টেম্বর জিডি রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠান। ৫ সেপ্টেম্বর আদালতের বিচারক তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে ১২ সেপ্টেম্বর আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নেন।
বালাপাড়া গ্রামের আবদুল মজিদ তালুকদার বলেন, রাস্তাটি প্রায় ৫০ বছরের পুরোনো। এ রাস্তা দিয়ে প্রতিদিন ফকিরপাড়া, বালাপাড়া, কান্দি দোওয়ানী, নটাবাড়ি, রহমত চর, তাম্বুলপুর, সোনারায় কারবালাসহ আটটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করতেন।
অভিযুক্ত জাহাঙ্গীর ফকির, লিমন ফকির ও রবিউল ফকির অভিযোগকারী আবুল হোসেনকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন। জাহাঙ্গীর বলেন, ‘ওই রাস্তার পাশে আমাদের পৈতৃক সম্পত্তি। রাস্তাটি বেশি প্রশস্ত হওয়ায় কিছু অংশ কেটে জমি বের করে সেখানে ধান চাষ করা হয়েছে।’
ইউপি চেয়ারম্যান রওশন জমির সরদার বলেন, ‘কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ওই ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে।’