সরকারি রাস্তা গিলে খাচ্ছে মাছের ঘের
যশোরের কেশবপুর উপজেলায় মাছের ঘেরের কারণে ১১টি সরকারি রাস্তার ৩০ কিলোমিটার নষ্ট হয়ে গেছে। ঘেরের বেড়ি হিসেবে ব্যবহারের কারণে রাস্তাগুলোর এ অবস্থা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে এসব রাস্তার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয় প্রশাসন বলছে, এসব রাস্তা থেকে ছয় ফুট দূরে বেড়ি দিয়ে মাছের ঘের করার জন্য মালিকদের চিঠি দেওয়া হয়েছে। এরপরও তা মানা হচ্ছে না।
সড়কগুলো হলো মঙ্গলকোট-হিজলডাঙ্গা, কেশবপুর-কাটাখালী, কেশবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)-ভরতভায়না-ভেরচি, কেশবপুর-ভান্ডারখোলা, বিদ্যানন্দকাটি ইউপি-জামালগঞ্জ, পাঁজিয়া-হদের হাট, পাঁজিয়া-বুড়লি, সুফলাকাটি ইউপি-শোলগাতি-কাকবাধাল, চুকনগর-কাটাখালী, কেশবপুর-গড়ভাঙ্গা, কেশবপুর পাইলট স্কুল-গড়ভাঙ্গা ও বিদ্যানন্দকাটি-পরচক্রা সড়ক। এ সড়কগুলোর দুপাশে মাছের ঘের রয়েছে।
গত সোম ও মঙ্গলবার ছয়টি সড়ক ঘুরে দেখেন এ প্রতিবেদক। এ সময় লোকজন জানান, বাতাসে ঘেরের পানিতে ঢেউ ওঠে। তা আছড়ে পড়ে সড়কে। এ কারণে রাস্তা ধসে যাচ্ছে।
মঙ্গলকোট-হিজলডাঙ্গা সড়কে গিয়ে দেখা যায়, পৌনে চার কিলোমিটার সড়কের পুরোটাই নষ্ট হয়ে গেছে। এ সময় কয়েকজন বলেন, এ রাস্তার দুই ধারে ১১টি মাছের ঘের রয়েছে।
শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্রী রহিমা খাতুন ও শিরিনা খাতুন বলে, তাদের প্রতিদিন ২-৩ কিলোমিটার সড়ক হেঁটে কলেজে যেতে হয়। রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় হাঁটতে কষ্ট হয়।
পাঁজিয়া-হদের হাট সড়কে গিয়ে দেখা যায়, তিন কিলোমিটার সড়কের ইট উঠে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মাগুরখালী গ্রামের মতিয়ার রহমান বলেন, চার বছর ধরে রাস্তাটির ইট উঠে গেছে। এ কারণে রাস্তায় ভ্যান চলে না। এমনকি হাঁটাও দুষ্কর।
কেশবপুর ইউপি থেকে ভরতভায়না হয়ে ভেরচি সড়কে গিয়ে দেখা যায়, চারটি স্থানে পিচ ও খোয়া উঠে গেছে। এ সময় এলাকার কয়েকজন বলেন, সড়কটি পাঁচ মাসে আগে পাকা করা হয়।
পাঁজিয়া ইউপি-বুড়লি সড়কে গিয়ে দেখা যায়, রাস্তাটি যেন চাষ করা জমি। দুপাশের মাটি ধসে সরু হয়ে গেছে রাস্তা।
কৃষ্ণনগর গ্রামের রবিন রায় ও কৃষ্ণ মণ্ডল বলেন, গ্রাম থেকে উপজেলা সদরে যাওয়ার রাস্তা এটি। এটি নষ্ট হওয়ায় মানুষ অসুস্থ হলে বিপদের শেষ থাকে না। এ সড়ক দিয়ে ভ্যানও চলে না। অসুস্থ মানুষকে ঘাড়ে করে পাঁজিয়া বাজারে এনে তারপর হাসপাতালে নিতে হয়।
গ্রামবাসী জানান, এলাকাটি সংখ্যালঘু-অধ্যুষিত হওয়ায় রাস্তাটির প্রতি কারও নজর নেই।
কেশবপুর-কাটাখালী সড়কে গিয়ে দেখা যায়, মাগুরাডাঙ্গা অংশে ইট ও খোয়া উঠে নষ্ট হয়ে গেছে। সড়কে বালু ফেলে চলাচলের উপযোগী করা হচ্ছে।
এলাকার কয়েকজন ব্যক্তি বলেন, চার মাস ধরে পানি জমে থাকার কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মনছুর রহমান বলেন, মাছের ঘেরের কারণে এখানকার কোনো রাস্তা টিকিয়ে রাখা যাচ্ছে না। সরকারি রাস্তা মাছের ঘেরের বেড়ি হিসেবে ব্যবহার করায় উন্নয়নকাজ বন্ধ হয়ে গেছে। কয়েকটি রাস্তার দরপত্র আহ্বান করা হলেও ঠিকাদারেরা দরপত্রে অংশ নিচ্ছেন না।
পাঁজিয়া-হদের হাট রাস্তার ঠিকাদার মহিদুল ইসলাম বলেন, এ রাস্তার দুপাশে পানি। মালামাল ফেলার জায়গা নেই। তাই রাস্তার কাজ করতে পারছি না।
উপজেলা প্রকৌশলী মনছুর রহমান আরও বলেন, ‘গত বছর আমাদের অফিস ও উপজেলা ভূমি অফিস রাস্তা থেকে ৬ ফুট দূরে বেড়ি দিয়ে ঘের করার জন্য চিঠি দেয়। তা কেউ মানেননি।’
কেশবপুর ইউপি থেকে ভরতভায়না ভায়া ভেরচি সড়কের পাশে ২০০ বিঘা জমিতে ঘের করেছেন কন্দর্পপুর গ্রামের রেজাউল ইসলাম। তিনি বলেন, ‘গত বছর আমি আলাদা বেড়ি দিয়েছিলাম। জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে গেছে। এ বছর রাস্তা ছেড়ে আবার বেড়ি দিয়ে ঘের করব।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে সম্প্রতি গৌরীঘোনা ইউনিয়নে ঘেরমালিকদের নিয়ে সভা করেছি। এভাবে সব ইউনিয়নে সভা করে রাস্তার ছয় ফুট দূরে বেড়ি দিয়ে ঘের করার কথা বলা হবে। এরপরও যদি কেউ না মানেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’