সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে সরকারি রাস্তা দখল করে ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। পৈতৃক সম্পত্তি দাবি করে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ঘরগুলো নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাস্তা বন্ধ থাকায় এলাকার ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেশ স্বাধীন হওয়ার আগে সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে দিনাজপুরের পার্বতীপুরের বিলাইচণ্ডী ইউনিয়নের বেনীহাট পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা করা হয়। এর প্রস্থ ১৫ ফুট। ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যানদের তত্ত্বাবধানে রাস্তাটি নির্মাণ করা হয়। এ রাস্তা দিয়ে সৈয়দপুরের বৈতপাড়া, গিরিয়াপাড়া, ভুজারীপাড়া, চৌমুহনী ও পার্বতীপুর উপজেলার বেনীরহাটের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, চার বছর আগে এলাকার পাঁচ প্রভাবশালী ব্যক্তি ওই রাস্তার বাঙালিপুর ইউনিয়নের গরীবুল্লাহ হাজীপাড়া গ্রাম এলাকার ৩০০ গজ দখল করে ঘর নির্মাণ করেন। এ কারণে রাস্তার ওই অংশ দিয়ে রিকশা, ভ্যানসহ কোনো যানবাহন চলাচল করে না।গত মঙ্গলবার সরেজমিনে গরীবুল্লাহ হাজীপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশ ও এর মাঝখানে পাকা ও আধা পাকা ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে। রাস্তার আনুমানিক ৩০০ গজ দখল করে এগুলো নির্মাণ করা হয়েছে। হঠাৎ দেখলে মনেই হবে না, এখানে কোনোদিন রাস্তা ছিল। অথচ ওই ঘরগুলোর দুই পাশে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা আগের মতোই আছে।গরীবুল্লাহ হাজীপাড়া গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেন ও তমিজ উদ্দিন অভিযোগ করেন, চার বছর আগে লুৎফর রহমান, আজিমুদ্দিন, মোখলেছুর রহমান, সবুজ ও সোহাগ রাস্তা দখল করে ঘর নির্মাণ করেছেন। বিষয়টি তাঁরা বাঙালিপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান মুসা উদ্দিন প্রামাণিককে জানিয়েছিলেন। গ্রামবাসীও লিখিতভাবে চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছিলেন। মুসা উদ্দিন সরেজমিনে এসে রাস্তা দখলে বাধা দেন। কিন্তু সে বাধা কাজে আসেনি।বাঙালিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুসা উদ্দিন বলেন, ‘একবার নয়, বহুবার আমি ওদের বাধা দিয়েছি। কিন্তু ওরা আমার কথায় কোনো পাত্তাই দেয়নি। বিষয়টি আমি উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তাদেরও জানিয়েছি।’ রাস্তা দখলকারী আজিমুদ্দিন জানান, ‘রাস্তাটি আমার পৈতৃক জমিতে; কাজেই আমি আমার সংসারের প্রয়োজনে সেখানে ঘর তুলেছি।’ তবে তাঁর কাছে জমির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। লুৎফর রহমান, মোখলেছুর রহমান, সবুজ ও সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।বাঙালিপুর ইউপির বর্তমান চেয়ারম্যান শাহাজাদা সরকার বলেন, ‘আমার এলাকায় কেউ রাস্তা দখল করেছে—এ অভিযোগ এখনো আমি পাইনি। যদি এমনটি হয়ে থাকে, গ্রামবাসী তাহলে তা আমাকে জানাতে পারে। এ ব্যাপারে আমি ব্যবস্থা নেব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব বলেন, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। তবে এ বিষয়ে তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।