সরকারি শিল্পপ্রতিষ্ঠানে ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরিসহ বিভিন্ন দাবিতে সরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক সংগঠনগুলোর ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘট গতকাল বুধবার শেষ হয়েছে। প্রথম দিনের মতো ধর্মঘটের দ্বিতীয় দিনও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। দেশের ২২টি সরকারি পাটকল, ১৭টি চিনিকল ও ছয়টি সার কারখানাসহ ৯৭টি কারখানার এক লাখ ২০ হাজার শ্রমিক এ ধর্মঘট পালন করেন। শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, এ কর্মসূচির পরও সরকারের দিক থেকে তাঁদের দাবিদাওয়া মেনে না নেওয়ায় তাঁরা আরও কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে শ্রমিক সংগঠনগুলো একটি যৌথ সভার মাধ্যমে ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করবে। পাটকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘট ছাড়াও আমরা প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে আমাদের দাবিদাওয়া জানিয়েছি।’ এখনো এ ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে আরও বেশি দিনের জন্য ধর্মঘট ও অবরোধ কর্মসূচিতে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।’ ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: সরিষাবাড়ী (জামালপুর): ধর্মঘটের কারণে সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) সার উৎপাদন ব্যাহত হয়েছে। বন্ধ ছিল সার পরিবহন। কারখানার প্রশাসনিক ভবনের সামনে গতকালও অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন। খুলনা: খুলনার সাতটি পাটকলের শ্রমিক-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন সম্পন্ন করেছেন। গতকাল বিকেলে ক্রিসেন্ট জুট মিলের সামনে এক সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন ছাড়া শ্রমিকদের দাবি কোনো সরকারই মানেনি। তাই শ্রমিকেরা তাঁদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বাধাই তাঁদের রুখতে পারবে না। লালপুর (নাটোর): লালপুর উপজেলায় অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা গতকাল দফায় দফায় মিছিল করে। পরে চিনিকলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুবর রহমান জানান, ধর্মঘটের কারণে মিলের সব কার্যক্রম বন্ধ ছিল। ভৈরব: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করেন। এ কারণে দেশের কোথাও এখান থেকে সার সরবরাহ করা যায়নি।অভয়নগর (যশোর): অভয়নগরের রাজঘাটে অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের কারণে পাটকল দুটিতে গত দুই দিনে কোনো উৎপাদন হয়নি।যশোর জুট ইন্ডাস্ট্রিজের শ্রমিক আইয়ুব হোসেন বলেন, ‘সরকার আমাদের দাবি মেনে নিতে পারত। কিন্তু তা না করে আমাদের সঙ্গে টালবাহানা করছে।’