সরকারি সংস্থার জন্য জাহাজ বানাচ্ছে এফএমসি ডকইয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সংস্থার জন্য প্রায় ৫৫ কোটি টাকার জাহাজ ও বয়া বানাচ্ছে বেসরকারি জাহাজনির্মাণ প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালীতে প্রতিষ্ঠানটির কারখানায় ৫৩টি বয়া ও দুটি জাহাজের নির্মাণকাজ উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
কারখানা চত্বরে নৌমন্ত্রী শাজাহান খানের সঙ্গে অনুষ্ঠানের অতিথিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাহাজের পাটাতনে হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মাণকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের জন্য নির্মাণাধীন ২৭ কোটি টাকার ৪৫টি পন্টুনের মধ্যে ১৮টি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রায় ৫৫ কোটি টাকার এই দুটি জাহাজ ও ৫৩টি বয়ার কার্যাদেশ পায় জাহাজনির্মাণ প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রায় ৩০ কোটি টাকায় বিশেষায়িত জরিপ জাহাজ নির্মাণ করা হবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জন্য। প্রায় ৫০ মিটার লম্বা জরিপ জাহাজটি আগামী বছর মে মাসে হস্তান্তর করা হবে। ঘণ্টায় সর্বোচ্চ ১৪ নটিক্যাল মাইল গতিতে চলতে পারবে এই জরিপ জাহাজটি। একই সংস্থার জন্য ৫ কোটি টাকার ৫৩টি বয়া নির্মাণ করা হচ্ছে। বয়া হস্তান্তর করা হবে আগামী বছর জুলাই মাসে।
এ ছাড়া অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) জন্য ২০ কোটি টাকার ৫০০ যাত্রী ধারণক্ষমতার উপকূলীয় যাত্রীবাহী জাহাজ নির্মাণ হচ্ছে। ৫০ মিটার লম্বা জাহাজটি চট্টগ্রাম-হাতিয়া-বরিশাল নৌপথে চলাচল করবে। জাহাজটি আগামী বছর জুলাই মাসে হস্তান্তর হবে।
অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, বাংলাদেশের ২৪ হাজার কিলোমিটার নদীপথের মধ্যে ২০ হাজার ৪০০ কিলোমিটার নদীপথ ড্রেজিংয়ের অভাবে হারিয়ে গেছে। নদীপথ সচল করতে গত বছর ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। এ অর্থবছরে আরও ২০টি ড্রেজার সংগ্রহ করা হবে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব ড্রেজার সংগ্রহ করা হবে। দেশীয় ড্রেজার নির্মাণ প্রতিষ্ঠানগুলোর এতে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএমসি ডকইয়ার্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দীন আহমেদ, চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী। এ সময় এফএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাতুনে জান্নাত উপস্থিত ছিলেন।
এফএমসির চেয়ারম্যান ইয়াছিন চৌধুরী জাহাজনির্মাণ খাতের জন্য সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য সরকারের সহায়তা চান। তিনি বলেন, ‘সুদের হার বেশি হওয়ায় প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে আমরা পিছিয়ে পড়ছি। সুদের হার কমলে জাহাজনির্মাণ খাতও বাংলাদেশে নেতৃত্ব দেবে।’