অনার্স কলেজগুলো িবশ্ববিদ্যালয়ের অধীনে নিতে একমত উপাচার্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এমন সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সব উপাচার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানে গতকাল রোববার অনুষ্ঠিত জরুরি সভায় তাঁরা এ মত দেন।
এ মত বাস্তবায়িত হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিধি কমবে। তখন কেবল বেসরকারি এবং স্নাতক সম্মান না পড়ানো কলেজগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে। প্রায় দুই যুগ আগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোকে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। এর আগে কলেজগুলো ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। যে উদ্দেশ্য নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় করা হয়েছিল, তা পূরণ করতে না পারায় ২০০৯ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয় বা আঞ্চলিক কেন্দ্রের অধীনে নেওয়ার আলোচনা চলছিল।
সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার ব্যাপারে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেন। ওই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ইউজিসিতে উপাচার্যদের নিয়ে সভা হয়। উপাচার্যরা পক্ষে মত দিলে সভাতেই ইউজিসি বিষয়টি বাস্তবায়নে একটি কমিটি গঠন করে।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজ আছে দুই হাজার ১৫৪টি। এগুলোতে শিক্ষার্থী প্রায় ২১ লাখ। এর মধ্যে ২৭৯টি সরকারি কলেজে শিক্ষার্থী ১৩ লাখের বেশি। স্নাতক (সম্মান) পড়ানো ১৮১টি সরকারি কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত লাখ ২৬ হাজার। সরকারি-বেসরকারি মিলিয়ে সম্মান পড়ানো কলেজের সংখ্যা ৫৫৭টি।
গতকালের সভায় সভাপতির বক্তৃতায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, কলেজশিক্ষার মানোন্নয়নের জন্যই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ও থাকবে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সরকারি অনার্স ও মাস্টার্স কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা অতি জরুরি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ সভায় তাঁর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরলেও প্রধানমন্ত্রীর দেওয়া দিকনির্দেশনায় একমত জানান। তিনি মত দেন, নির্ধারিত এলাকার সরকারি কলেজগুলোর পাশাপাশি বড় বেসরকারি কলেজগুলোকেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনলে ভালো হবে। তিনি এ বিষয়টি বাস্তবায়নের আগে সমীক্ষা করার ওপর গুরুত্ব দেন।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলমগীর বলেন, এ বিষয়ে তাঁর দ্বিমত নেই। তবে দ্বিতীয়বার যেন ভুল না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দু-একজন ছাড়া সব উপাচার্য উপস্থিত ছিলেন। তাঁদের প্রায় সবাই প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার সঙ্গে নীতিগতভাবে একমত জানান। কেউ কেউ বলেন, এটি বাস্তবায়নে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও জনবল বাড়াতে হবে।
ইউজিসির গঠিত আট সদস্যের কমিটির প্রধান করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাব্বত খানকে। অন্য সদস্যরা হলেন ইউজিসির সদস্য আবুল হাশেম; ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; ইউজিসির সচিব মো. খালেদ ও অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান (সদস্যসচিব)। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।