সরকারি সহকারী শিক্ষক সমিতির তিন দফা দাবি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণীর গেজেটেড পদমর্যাদা, মাধ্যমিক স্তরের জন্য আলাদা অধিদপ্তর এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানানো হয়েছে।সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই তিন দফা দাবি জানায়। লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন দাবিগুলো তুলে ধরেন।দাবি আদায়ে সমিতি কিছু কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে দাবি সংবলিত ব্যানার লাগানো; প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ও জেলা পর্যায়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিটি জেলায় মানববন্ধন। আগামী মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার মধ্যে দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মহাসচিব মো. মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ দেওয়ান এনামুল হক প্রমুখ।