সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারের প্রায় সব দোকানই পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে ব্যবসা শুরু করতে চান। তবে তাঁরা বলছেন, সরকারি সহায়তা না পেলে তাঁদের পক্ষে ব্যবসা শুরু করা কঠিন হবে।
দূরছড়ি বাজার বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় বাজার। প্রতি সপ্তাহে হাটের দিন কয়েক কোটি টাকার ব্যবসা হয় এই বাজারে। ২০ অক্টোবর আগুনে বাজারের তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে যায়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বাজারের ব্যবসায়ীরা পুড়ে যাওয়া মালামাল, আসবাব ও টিন সরাতে শুরু করেছেন।
দোকানি মো. জাফর আহমদ বলেন, বাজারে আগুন লেগেছে বৃহস্পতিবার। সেদিন হাটবার না হওয়ায় দোকান বন্ধ রেখে পারিবারিক কাজে রাঙামাটি শহরে গিয়েছিলেন। যে কারণে তিনি কোনো কিছুই রক্ষা করতে পারেননি।
দূরছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. খায়ের আহমেদ বলেন, শনিবার বাজারের হাটবার। এ কারণে বৃহস্পতিবার বেশির ভাগ ব্যবসায়ী মালামাল আনতে রাঙামাটি বা চট্টগ্রাম যান। তাই অগ্নিকাণ্ডের দিন বাজারের বেশির ভাগ দোকানই বন্ধ ছিল।
মো. খায়ের আহমেদ বলেন, কিছু ত্রাণ ছাড়া সরকার বা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসা শুরু করার মতো কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
খেদারমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, সরকারি সহায়তা না পেলে ব্যবসায়ীরা আবার ব্যবসা শুরু করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।
এদিকে সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) নামের একটি বেসরকারি সংস্থা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
সংস্থাটির প্রধান নির্বাহী জনলাল চাকমা বলেন, তাঁরা ঋণগ্রহীতা ব্যবসায়ীদের কাছ থেকে দুই মাস কিস্তি আদায় বন্ধ রাখবেন।
দূরছড়ি বাজারের ৫৮ জন ব্যবসায়ী সিআইপিডি থেকে ঋণ নিয়েছেন বলে জানিয়েছেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক ভেটায়্যান চাকমা।