সরকারি সাহায্য জুটছে না ৮০ বছরের ছালেমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০ বছর বয়সেও বিধবা ছালেমা খাতুন সরকারি কোনো সাহায্য পাচ্ছেন না। বারবার ভাঙনের কবলে পড়ে পথের ফকির হওয়া এই নারী এখন ভিক্ষা করে জীবন ধারণ করছেন। লোকজন তাঁকে সম্ভ্রান্ত বাড়ির মেয়ে-বউ হিসেবেই চেনেন।
সম্প্রতি এক সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে ভিক্ষা করতে আসেন ছালেমা খাতুন (৮০)। শরীরে তাঁর শাড়িকাপড় ছাড়া কিছুই ছিল না। শীতে কাঁপছিলেন। এ বয়সে কেন ভিক্ষা করছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আগে মাইনসের বাইত (বাড়ি) কাম করি খাইতাম, অহন শইললে কুলায় না।’
কথায় কথায় জানা গেল, ছালেমা খাতুন ভোলার তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের তজুমদ্দিন গ্রামের চুকুন আলী রাঢ়ি বাড়ির মেয়ে। ওই বাড়ির আবদুল আলী তাঁর বাবা। বাপ-দাদার অনেক নামডাক ছিল। প্রায় ৪০ বছর আগে মেঘনা নদীতে সেই বাড়ি বিলীন হয়ে যায়। ব্রিটিশ আমলেই চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপুর গ্রামের চানগাজী পাটওয়ারী বাড়ির সঙ্গে সম্বন্ধ হয় তাঁর। হারিস আহমেদ পাটওয়ারীর ছেলে জেবল হক পাটওয়ারী। মস্ত বাড়ি। বিয়ের কথায় ছালেমা খাতুনের ভাঁজ খাওয়া চামড়ায় হাসি ফুটে ওঠে। পারিবারিক সম্মতিতে দুই বনেদি পরিবারের আত্মীয় হয়। সেই পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধানের বিশাল বাড়িটি বাবার বাড়ির কিছু দিন পরই বিলীন হয়ে যায়। পরপর পাঁচবার নদীভাঙনের কবলে পড়ে একেবারে নিঃস্ব হয়ে যায় সবাই। আশ্রয় হয় বাঁধে। বাঁধ থেকে বাঁধে। এখন সেই বাঁধও নেই। ২০১৫ সাল থেকে ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) আবদুল বারেক মাস্টার ও ধনু মিয়ার বাড়ির পাশে নুর ইসলামের জমিতে থাকেন। তবে তিনি ৬ নম্বর ওয়ার্ডের ভোটার।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ছালেমা খাতুনের জন্ম ১৯৩৭ সালের ৮ অক্টোবর। সংসারের অভাব-অনটনের কারণে সন্তানেরা তাঁর খোঁজ রাখছেন না। সন্তানেরাও সরকারি বাঁধে বসত করেন। মাঝেমধ্যে গেলে দু-এক বেলা খেতে দেন।
ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম পাটওয়ারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. হেলাল উদ্দিন বলেন, ‘উনি (ছালেমা খাতুন) কখনোই আমাদের কাছে আসেননি।’ ইউএনও জালাল উদ্দিন বলেন, ‘ওই বিধবাকে ভিজিডি কার্ড পাইয়ে দিতে আমি চেষ্টা করব।’