সরকারি সাড়ে ছয় লাখ টাকার হদিস নেই
ফরিদপুর কর কার্যালয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জমা দেওয়া ছয় লাখ ৪৮ হাজার ১৬২ টাকার কোনো হদিস নেই। ঠিকাদারদের আয়কর উৎস থেকে কেটে ওই টাকা বিএডিসি জমা দিয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্প ফরিদপুর অঞ্চলের নির্বাহী পরিচালক জয়নুল আবেদীন ফরিদপুর সার্কেলের উপকর কমিশনার বরাবর নয়টি চেকের মাধ্যমে উৎসে কাটা আট লাখ ৪৭ হাজার ৭৪২ টাকা জমা দেন। পরবর্তী সময়ে ফরিদপুর সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মনসুর আলম চিঠি দিয়ে বিএডিসিকে জানান, তাঁর কার্যালয়ে এক লাখ ৯৯ হাজার ৫৮০ টাকার একটি চেক জমা পড়েছে। বাকি ছয় লাখ ৪৮ হাজার ১৬২ টাকার চেকগুলো তাঁরা পাননি। তবে রূপালী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায় জানান, চেক ইস্যুকারী কর্মকর্তা নিজেই সই করে চেকগুলোকে ক্যাশ চেকে পরিণত করেছেন বলে ব্যাংক অর্থ প্রদান করেছে। ঘটনাটি জানাজানি হলে কর কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত করেন অতিরিক্ত কর কমিশনার রঞ্জন কুমার ভৌমিক। গত ২ ফেব্রুয়ারি তিনি সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিএডিসির দেওয়া আটটি চেকের মাধ্যমে রূপালী ব্যাংক ফরিদপুর শাখা থেকে ছয় লাখ ৪৮ হাজার ১৬২ টাকা তোলা হয়েছে। নিয়ম অনুযায়ী কর কার্যালয় থেকে কোনো চেক ব্যাংকে পাঠানোর সময় সরকারি কোডের একটি সিল থাকে। কিন্তু ওই আটটি চেকের পেছনে তা ছিল না। ব্যাংকের কাগজপত্রে দেখা যায় জনৈক জামাল ও রেজা নামের দুই ব্যক্তি সই করে ব্যাংক থেকে ওই টাকা তুলেছেন। এ ব্যাপারে অতিরিক্ত সহকারী কর কমিশনার মনসুর আলম বলেন, ‘তদন্ত কর্মকর্তা মামলা করতে বলেছেন, মামলা করেছি।’বিএডিসির তৎকালীন নির্বাহী প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, ‘ওই অ্যাকাউন্টপেয়ি চেকে পুনরায় সিল-সই দিয়ে তিনি তা ক্যাশ চেকে রূপান্তরিত করেননি। তিনি দাবি করেন, চেকে তাঁর সই জাল করে টাকা তোলা হয়েছে।’ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অতিরিক্ত সহকারী কর কমিশনার মনসুর আলম যে মামলাটি করেছেন তা তদন্তের জন্য জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে পাঠানো হয়েছে।