সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে বালুমহাল ইজারা
মন্ত্রিসভার সিদ্ধান্ত উপেক্ষা করে ঢাকার ধামরাই উপজেলায় একটি প্রতিষ্ঠানকে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। ইজারা নিয়ে ‘তাহির ট্রেডার্স’ নামে ওই প্রতিষ্ঠানটি উপজেলার দেপশাই মৌজায় বংশী নদী থেকে বালু তুলছে। এতে ওই এলাকার অনেক ঘরবাড়ি ভাঙনের মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে বসতভিটা, সেতু, কালভার্ট, বাঁধ, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু ও মাটি তোলা যাবে না বলে সিদ্ধান্ত হয়। এ ছাড়া ওই বৈঠকে পাম্প বা ড্রেজিংয়ের মাধ্যমে ভূগর্ভের মাটি ও বালু তোলার অনুমতি না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে একটি বিল পাসের জন্য সংসদের চলতি অধিবেশনেই উত্থাপন করা হবে বলে ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা জানিয়েছেন। ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গছে, গত মে মাসে বিভাগীয় কমিশনারদের এক সমন্বয় সভায় ভূমিসচিব মো. আতাহারুল ইসলাম আইন প্রণীত না হওয়া পর্যন্ত বালুমহাল থেকে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু সম্প্রতি ঢাকা জেলা প্রশাসকের দপ্তর থেকে ‘তাহির ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে ধামরাই উপজেলার বংশী নদীর দেপশাই বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। এ জন্য জেলা প্রশাসন ও ইজারা গ্রহীতার মধ্যে একটি চুক্তিও সম্পাদিত হয়েছে। চুক্তি অনুযায়ী ‘তাহির ট্রেডার্স’ বংশী নদীর শৈলান, দত্তখোলা ও দেপশাই মৌজার প্রায় ৬৩ একর জমি থেকে বাংলা ১৪১৭ সালের ৩০ চৈত্র পর্যন্ত বালু তুলতে পারবে। সরেজমিনে দেপশাই বালুমহাল এলাকায় গিয়ে দেখা যায়, নদীর দুই তীর ঘেঁষে মানুষের বসবাস। বড় ড্রেজার দিয়ে ক্রমাগত বালু উত্তোলনের ফলে নদীর তীর ভেঙে ব্যক্তিমালিকানাধীন জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীতে ভেঙে পড়ছে বাড়িঘরও। ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা নাজনীন বলেন, জেলা প্রশাসকের প্রস্তাব অনুযায়ী গত ১৩ মে আন্তমন্ত্রণালয় কমিটির সভায় দেপশাই বালুমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ‘তাহির ট্রেডার্সকে’ এক বছরের জন্য বালুমহালটি ইজারা দেওয়া হয়েছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার বিষয়ে তিনি বলেন, চুক্তিতে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই।