সরকারি সিদ্ধান্ত উপেক্ষা ফসলি জমিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে রাজশাহীর বিভিন্ন উপজেলায় ফসলি জমিতে ইটভাটা স্থাপন করা হচ্ছে। এতে পরিবেশদূষণের পাশাপাশি খাদ্যশস্যের উৎপাদন কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই এসব ইটভাটা স্থাপন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।কৃষিজমিতে ইটভাটা স্থাপন না করার বিষয়ে ভূমি মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ওই মন্ত্রণালয়ে গত ১৫ মে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬ মে প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনসূত্রে এ তথ্য পাওয়া গেছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে গত এক বছরে লাইসেন্স না নিয়ে অর্ধশতাধিক নতুন ইটভাটা স্থাপন করা হয়েছে। প্রতিটি ভাটার জন্য কমপক্ষে ৪০ বিঘা ফসলি জমি ইজারা নেওয়া হয়েছে। গত চার মাসে এসব ভাটায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় পৌনে চার লাখ টাকা জরিমানা ও ৩২টি মামলা করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে আরও জানা গেছে, রাজশাহীর আটটি উপজেলায় ২০০৮ সালে ১২৯টি ভাটা চালু ছিল। এর মধ্যে ১১১টির পরিবেশের ছাড়পত্র ছিল না। পবায় ৪৯, বাগমারায় ৩৩, পুঠিয়ায় নয়, মোহনপুরে ১৩, চারঘাটে পাঁচ, বাঘায় দুই, দুর্গাপুরে আট ও গোদাগাড়ীতে ১০টি ভাটা ছিল। পরের বছর শুধু পবা উপজেলাতেই আরও ৫০টি নতুন ইটভাটা স্থাপন করা হয়েছে। তানোরে হয়েছে তিনটি।তবে ভাটার সংখ্যার ভিন্ন হিসাব দিয়েছেন গোদাগাড়ী উপজেলা ভাটামালিক সমিতির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম। তাঁর হিসাবমতে, গোদাগাড়ীতে ১৯টি ভাটা চালু রয়েছে। আরও দুটি ভাটা স্থাপনের কাজ চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, এসব ভাটার কোনোটিতে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে, আবার কোনোটিতে নির্ধারিত মাপের চিমনি ব্যবহার করা হচ্ছে না। কোনো কোনোটি ফলবাগান ও লোকালয়ে স্থাপন করা হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে এটিএম, মেসার্স রূপা, ডিকেবি ও নূর ব্রিকস এবং দুর্গাপুরে নাহার, বিএনবি, এএনএস ব্রিকস নামের ইটভাটাগুলো বসতবাড়ির কাছাকাছি স্থাপন করা হয়েছে।গত ২৬ মে সরেজমিনে দেখা যায়, রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের দুই পাশে বেশ কয়েকটি নতুন ইটভাটা স্থাপনের কাজ চলছে। নতুন একটি ইটভাটার জন্য গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর এলাকায় ৩৮ বিঘা ফসলি জমি ইজারা নেওয়া হয়েছে। ওই ইটভাটার পাশেই একটি আমগাছের বাগান আছে।ফসলি জমিতে ভাটা করার বিষয়ে ভাটার মালিক শফিকুল ইসলাম বলেন, তিনি যে জমিতে ভাটা স্থাপনের কাজ শুরু করেছেন, সে জমিতে ভালো ফসল হয় না। এ জন্য কৃষকেরা তাঁকেই জমি ইজারা দিয়েছেন। লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসকের কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরে যোগাযোগ করেছেন। গোদাগাড়ী উপজেলার পাঁচগাছি এলাকায় ফসলি জমি দখল করে আরেকটি ইটভাটা স্থাপনের কাজ চলছে। ভাটার একজন কর্মচারী বলেন, এই ভাটার জন্য ৪০ বিঘা জমি ইজারা নেওয়া হয়েছে। ভাটার মালিক জাহাঙ্গীর হোসেন দাবি করেন, তাঁর ভাটার জমিতে তেমন ফসল হয় না।পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নতুনভাবে যাঁরা ভাটা স্থাপন করছেন, তাঁরা লাইসেন্স এবং পরিবেশের ছাড়পত্র নেননি। এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। গত কয়েক মাসে এদের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।জেলা প্রশাসক মোহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, শর্ত পূরণ না হওয়ায় রাজশাহীতে ইটভাটার লাইসেন্স দেওয়া হয়নি। অবৈধভাবে স্থাপন করা ইটভাটাগুলোতে অভিযান চালানো হচ্ছে।