সরকারি সেই পাহাড় থেকে স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন সৈকতপাড়ার সেই সরকারি পাহাড়ে আবারও ঘরবাড়ি তৈরি করা হচ্ছে। গত পাঁচ দিনে সেখানে তৈরি করা হয়েছে অন্তত ২৫টি টিনের ঘর। গতকাল বুধবার সেই পাহাড়ে অভিযান চালিয়ে টিনের পাঁচটি ঘর উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার এসআই হাবিবুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, উচ্ছেদ অভিযানের খবর আগে প্রকাশ হয়ে যাওয়ায় লোকজন পাহাড় থেকে একাধিক টিনের ঘর সরিয়ে নেয়।
গত ২৮ মার্চ প্রথম আলোয় ‘সরকারি পাহাড়ে আবাসন প্রকল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ওই পাহাড় থেকে টিনের ৮০টি ঘর উচ্ছেদ করা হয়।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, সৈকতপাড়ার সেই পাহাড়ে নতুন করে ঘরবাড়ি তৈরির খবর পেয়েই যৌথ বাহিনী অভিযানে নামে। অভিযানে টিনের পাঁচটি ঘর উচ্ছেদ করা হয়। এ সময় ঘরগুলোতে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সরদার শরিফুল ইসলাম বলেন, আগে দিনের বেলায় পাহাড় কাটা হলেও এখন রাতে পাহাড় কেটে নানা অবকাঠামো তৈরি করা হচ্ছে। নিরাপত্তার কারণে রাতে অভিযান চালানো সম্ভব হয় না।
কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, শহরের সৈকতপাড়া, কলাতলী, আদর্শগ্রাম, পাহাড়তলী, সিটি কলেজ, লারপাড়াসহ বিভিন্ন স্থানে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরির হিড়িক পড়েছে। মাঝেমধ্যে অভিযান চালিয়ে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও দখলদারদের কিছুই হচ্ছে না।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, শহরের বিভিন্ন পাহাড়ে ১৫ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে বসবাস করছে অন্তত দেড় লাখ মানুষ। এর মধ্যে অন্তত এক লাখ মিয়ানমারের নাগরিক।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, রোহিঙ্গাদের দিয়ে রাতের বেলায় চলে পাহাড় নিধন। রোহিঙ্গারা পাহাড় কাটার মূল হোতাদের নামধাম বলতে পারে না। এতে হোতাদের বিরুদ্ধে মামলাও করা যাচ্ছে না।