সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি ডিসি সম্মেলনের উদ্বোধন করেন
ছবি: পিআইডি

জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে ডিসিদের লক্ষ রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন।

কোভিড-১৯-এর নতুন প্রকোপের কারণে উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন মন্ত্রী ও সচিবের উপস্থিতিতে আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বক্তব্য রাখেন।

খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন বিভাগীয় কমিশনারদের পক্ষে বক্তব্য রাখেন। চাঁদপুর ও রংপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও আসিফ আহসান জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাঠপর্যায়ের প্রশাসনের মাধ্যমে সারা দেশে সরকারের সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের কল্যাণ ও কাজ নিশ্চিত করার জন্য সেবা–সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

কোভিড-১৯ বিবেচনায় এবারের সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানান্তরিত হয়েছে। মিলনায়তনে ৭০০ জনের বসার ক্ষমতা থাকলেও মাত্র ৬৪ জনকে অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার ও পাঁচজন ডিসি কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছেন। তাঁরা হলেন—রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।

এবারের সম্মেলনে কোভিড-১৯, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সম্মেলনে রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সন্ধ্যায় ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন। কাল বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চ্যুয়ালি ভাষণ দেওয়ার কথা রয়েছে।