সরকারি সৌরবাতির ব্যাটারি খুলে নেওয়ায় অন্ধকারে ১৬ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আওয়ামী লীগের এক নেতা টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের আওতায় বছরখানেক আগে সৌরবিদ্যুতের (সোলার) কিছু প্যানেল ও বাতি কিনে এলাকার বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে স্থাপন করে দিয়েছিলেন। এর মধ্যে ১৬ জনের বাড়ি থেকে সম্প্রতি বিক্রয়কারী প্রতিষ্ঠানের লোকজন সৌরবাতির ব্যাটারি খুলে নিয়ে গেছেন। প্রতিষ্ঠানের লোকজনের অভিযোগ, আওয়ামী লীগের নেতা পুরো টাকা পরিশোধ না করায় তাঁরা এসব ব্যাটারি খুলে নিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়, স্থানীয় ও বিক্রয়কারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিনের বিশেষ বরাদ্দ থেকে টিআর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপজেলার হাজীপুর ইউনিয়নে ৩১টি সৌর প্যানেল ও বাতি স্থাপন করা হয়। হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাহির আলী উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় অবস্থিত ‘এসএম সোলার’ নামের একটি প্রতিষ্ঠান থেকে এসব সৌরবাতি কেনেন। পরে প্রতিষ্ঠানের লোকজন এসব বাতি স্থাপন করে দেন।

হাজীপুরের কটারকোনা গ্রামের বাসিন্দা সুভাষ মালাকার ও বাটুল মালাকার, পাইকপাড়া গ্রামের চিনাই সূত্রধর ও হাসিমপুর গ্রামের লালু মিয়া বলেন, ১৫-১৬ দিন আগে এসএম সোলারের লোকজন তাঁদের বাড়ি থেকে সৌরবাতির ব্যাটারি খুলে নিয়ে যান। এরপর থেকে তাঁরা অন্ধকারে দিন কাটাচ্ছেন।

হাজীপুর ইউপির চেয়ারম্যান আবদুল বাছিত বলেন, তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাই আগের বরাদ্দ সম্পর্কে কিছু জানেন না। এলাকার ১৬ ব্যক্তির বাড়ি থেকে সৌর প্যানেলের ব্যাটারি খুলে নেওয়া হয়েছে বলে তিনি খোঁজ নিয়ে জেনেছেন। ৯ মার্চ উপজেলা পরিষদের মাসিক সভায় তিনি বিষয়টি তুলে ধরেন।

এসএম সোলারের মালিক মাঞ্জুরুল হক অভিযোগ করেন, ৩১টি সৌর প্যানেল বিক্রয় বাবদ তাহির আলীর কাছে তাঁদের ৭৫ হাজার টাকা পাওনা। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করায় ১৬টি ব্যাটারি খুলে আনা হয়েছে। টাকা পরিশোধ না করা হলে সেগুলো ফেরত দেওয়া হবে না।

তাহির আলী ১২ মার্চ বিকেলে মুঠোফোনে বলেন, ‘টাকার ব্যাপারে মঞ্জু সাহেবের (মাঞ্জুরুল হকের ডাকনাম) সঙ্গে আলাপ হয়েছে। টাকা দিয়ে দেব। আশা করি, দ্রুত সোলার প্যানেলের ব্যাটারিগুলো লাগিয়ে দেওয়া হবে।’

একা ৩১টি সৌর প্যানেল কেনার কারণ সম্পর্কে জানতে চাইলে তাহির আলী বলেন, ‘টিআরের বরাদ্দের সময় ইউপি নির্বাচন থাকায় পিআইও অফিস থেকে চেয়ারম্যান বা সদস্যদের প্রকল্প কমিটির সভাপতি করা হয়নি। দলের মানুষ হওয়ায় এমপি সাহেব (সাংসদ) আমাকে প্রকল্পগুলোর কাজ তদারকির দায়িত্ব দেন।’

এ ব্যাপারে বক্তব্য জানতে বেশ কয়েকবার সাংসদ আবদুল মতিনের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।

উপজেলার পিআইও শিমুল আলী বলেন, উপজেলা পরিষদের সভায় তিনি বিষয়টি সম্পর্কে প্রথম জানেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।