সরকারি স্কুল-কলেজ নেই, বঞ্চিত দরিদ্র শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সরকারি ও মানসম্মত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এতে উপজেলার বিপুলসংখ্যক দরিদ্র শিক্ষার্থী কম খরচে লেখাপড়া করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে তারা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষা লাভ করতে পারছে না। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৭১টি সরকারি, ৮৯টি রেজিস্টার্ড, ৭৪টি মাধ্যমিক, ২৫টি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ২২টি মাদ্রাসা, পাঁচটি ডিগ্রি ও দুটি কারিগরি কলেজ আছে। অভিভাবকদের অভিযোগ, এসব বেসরকারি স্কুল বা কলেজে মানসম্মত শিক্ষা দেওয়া হয় না। বোদা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম বলেন, ১৯৮৯ সালে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তাদের বিদ্যালয়কে সরকারীকরণের ঘোষণা দেন। কিন্তু ওই ঘোষণা আজও বাস্তবায়িত হয়নি। জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন বলেন, বর্তমানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করা হচ্ছে না। তবে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সেই সঙ্গে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো ও জবাবদিহির ব্যবস্থা নেওয়া হয়েছে।