নওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক ও ১৫ জন কর্মচারী তিন বছর নয় মাস ধরে বেতন পাচ্ছেন না। ওই শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তার গাফিলতির কারণে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
নিয়ামতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের জানুয়ারি মাসে দেশের সব রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু বিভিন্ন কারণে তখন সারা দেশের ৩০টি বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে। এর মধ্যে রয়েছে নিয়ামতপুর উপজেলার ওই আটটি বিদ্যালয়। তখন থেকে ওই আটটি রেজিস্টার্ড বেসরকারি বিদ্যালয়ে সরকারি বরাদ্দ বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত ১৭ আগস্ট ওই আটটি বিদ্যালয়কে গেজেটভুক্ত (জাতীয়করণ) করা হয়েছে। কিন্তু কর্মরত ৩২ শিক্ষক ও ১৫ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ আজও গেজেটভুক্ত হয়নি। ফলে তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না।
ওই আটটি বিদ্যালয় হলো আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরশৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্তোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উষ্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঞ্চিত শিক্ষকদের অভিযোগ, ২০১৩ সালে নিয়ামতপুরে কর্মরত উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার গোস্বামী ঘুষের টাকা না পেয়ে ওই বিদ্যালয়গুলোর যাবতীয় কাগজপত্র সঠিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাননি। এ কারণে বিদ্যালয়গুলো তখন জাতীয়করণ থেকে বঞ্চিত হয়।
ধানসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষা কর্মকর্তা দীপক কুমার গোস্বামীকে খুশি করতে না পারায় আমাদের বিদ্যালয়ের কাগজপত্র তিনি সঠিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাননি। আমাদের কাগজপত্রে বিভিন্ন ত্রুটি দেখিয়ে তিনি কালক্ষেপণ করিয়েছেন। শুধু তাঁর স্বেচ্ছাচারিতার কারণে আমরা বঞ্চিত হচ্ছি।’
উষ্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাহার আলী বলেন, ৪৫ মাস ধরে তাঁরা বেতন-ভাতা পান না। সংসার চালাতে কেউ কেউ শিক্ষকতার পাশাপাশি দিনমজুরিও শুরু করেছেন। শুধু তৎকালীন শিক্ষা কর্মকর্তা ও কিছু দালালের কারণে ৩২টি পরিবারকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন দীপক কুমার গোস্বামী (বর্তমানে মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা)। তিনি বলেন, কোনো প্রকার দুর্নীতির প্রশ্নই আসে না। আর জাতীয়করণের জন্য বিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বাছাই কমিটি ছিল। তাঁদের সমন্বয়ে সরকারি বিধিমোতাবেক সব কাজ করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ওই আটিটি বিদ্যালয় সরকারীকরণ হয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, এ বছরের শেষ নাগাদ তাঁরা সব সরকারি সুযোগ-সুবিধা পাওয়া শুরু করবেন।