কুমিল্লার সরকারি হাসপাতালগুলোয় সেবার মান ভালো নয়। এক্স-রে মেশিন একটি নষ্ট থাকলে অন্যটি বিকল থাকে। নেই এমআর মেশিন। আবার রোগী থাকলেও সময়মতো চিকিৎসক পাওয়া যায় না। সরকারি হাসপাতাল থেকে ব্যক্তিগত চেম্বার ও ক্লিনিকে রোগী দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন চিকিৎসকেরা। এ ধরনের দুর্নীতি রোধ করতে হলে সবার মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে হবে। তবেই সমাজ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। অন্যথায় জনতার শক্তিই রুখবে দুর্নীতি।গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লায় আয়োজিত ‘সরকারি স্বাস্থ্যসেবা খাতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।বেলা সাড়ে ১১টায় কুমিল্লা শহরের একটি রেস্তোরাঁয় ওই আলোচনা সভা হয়। দাতা সংস্থা ইউএসএআইডি-প্রগতির অর্থায়নে খান ফাউন্ডেশনের সহযোগিতায় কুমিল্লার ছয় সংগঠন মিলে ওই অনুষ্ঠানের আয়োজন করে।কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. আবুল কালাম সিদ্দিক, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মোর্শেদ আলম, একুশে পদকপ্রাপ্ত নারীনেত্রী যোবায়দা হান্নান, দুস্থ মা ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশি মোহসেন, প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার প্রমুখ।