সরকারি স্যালাইন উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলের সংকটের কারণে রংপুরে খাওয়ার স্যালাইন উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকারিভাবে উৎপাদিত এখানকার স্যালাইন উত্তরাঞ্চলের ১৬ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৩৪ বছর ধরে রংপুর শহরের সদর হাসপাতালসংলগ্ন এ প্রতিষ্ঠানে সরকারিভাবে উৎপাদিত হচ্ছে খাওয়ার স্যালাইন। বছরের অধিকাংশ সময় স্যালাইন উৎপাদিত হলেও মে থেকে জুলাই—এই তিন মাসে এর চাহিদা অনেক বেড়ে যায়।
সূত্র আরও জানায়, ১৯৮০ সালে শহরের সদর হাসপাতালের প্রথম তলায় সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্যালাইন উৎপাদন ও সরবরাহ শুরু হয়। লোকবলের সংকট থাকা সত্ত্বেও প্রতিদিন ৩০ হাজারের বেশি প্যাকেট স্যালাইন উৎপাদিত হয়, যা রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার সিভিল সার্জন কার্যালয়ে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়।
স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন ৪৫ হাজার প্যাকেট স্যালাইন উৎপাদন হওয়ার কথা থাকলেও লোকবলের সংকটের কারণে বর্তমানে উৎপাদিত হচ্ছে ৩৩ হাজার ২৫০ প্যাকেট। ২০১৪ সালে মোট স্যালাইন উৎপাদিত হয়েছে ৬৮ লাখ ৭১ হাজার প্যাকেট।
স্যালাইন উৎপাদনে কমপক্ষে তিনজন কর্মকর্তাসহ ৬০ জন উৎপাদন কর্মী থাকার কথা থাকলেও বর্তমানে আছেন ৩০ জন। এর মধ্যে মাত্র চারজন দক্ষ শ্রমিক। এ ছাড়া দৈনিক মাথাপিছু ১৮০ টাকার মজুরিতে ১১ জন শ্রমিক কাজ করে থাকেন। স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুল্লাহহিল বাকী বলেন, মে থেকে জুন মাসে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণত গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রাজশাহীসহ নদীবেষ্টিত জেলাগুলোতে স্যালাইনের চাহিদা স্বাভাবিক মাসের চেয়ে দ্বিগুণের বেশি বৃদ্ধি পায়।
রংপুরের সিভিল সার্জন মোজাম্মেল হোসেন বলেন, লোকবল বাড়ানোর জন্য ঢাকায় পত্র দিয়ে জানানো হয়েছে।