সরকারি হতে যাচ্ছে কামরুল ইসলাম কলেজ
রাজবাড়ী জেলার গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সরকারি করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী।
২৬ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ নির্দেশনার অনুলিপি রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও মহাপরিচালককে দেওয়া হয়। বিষয়টি জানার পর সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। গতকাল বেলা ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এর আগে কলেজ চত্বরে আয়োজিত সভায় বক্তব্য দেন সাংসদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি কাজী কেরামত আলী।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ আবদুল হালিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফকির আবদুল জব্বার, কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নাজিরুল ইসলাম প্রমুখ।