সরকারি হলো আরও পাঁচটি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের শেষ সময়ে আরও পাঁচটি বেসরকারি কলেজকে সরকারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

কলেজগুলো হলো টাঙ্গাইলের সদর উপজেলার শেখ ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, একই জেলার ভূঞাপুরের ইব্রাহীম খাঁ কলেজ, ফরিদপুরের নগরকান্দা আদর্শ মহাবিদ্যালয়, নড়াইলের লোহগড়া মহাবিদ্যালয় এবং ভোলার চরফ্যাশন কলেজ।

দরিদ্র, অবহেলিত ও উপকূলীয় চরাঞ্চলে চরফ্যাশন কলেজটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে সরকারি করার ঘোষণা দিয়েছিলেন। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব জানান, এটা ছিল অবহেলিত এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এসব কলেজ সরকারি করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এর আগে গত ২২ মে আটটি কলেজ সরকারীকরণ করা হয়। তারও আগে পাঁচটি কলেজ সরকারীকরণ করা হয়। সব মিলিয়ে এই সরকারের আমলে ১৮টি বেসরকারি কলেজ সরকারি করা হলো।