সরকারি হলো ২৩ হাজার প্রাথমিক বিদ্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে সরকারি করা হলো দেশের ২২ হাজার ৯২৫টি এমপিওভুক্ত রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলের পর এই প্রথম বিপুলসংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হলো। গতকাল বুধবার অবশিষ্ট রাজশাহী ও রংপুর বিভাগের বিদ্যালয়গুলো অধিগ্রহণের মাধ্যমে সব বিভাগের বিদ্যালয়গুলো সরকারীকরণ করা হলো। এর আগে গত মাসের শেষে পাঁচটি বিভাগের বিদ্যালয় অধিগ্রহণ করা হয়। গতকাল মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন।
মন্ত্রী বলেন, এসব বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষকের সরকারীকরণের কাজ আগামী দেড় মাসের মধ্যে শেষ করা হবে। তবে তাঁরা আর্থিক সুবিধা বকেয়া হিসেবে গত জানুয়ারি মাস থেকেই পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারীকরণ করা বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগে চার হাজার ৮২৫টি, রাজশাহীতে তিন হাজার ৩৭৫টি, চট্টগ্রামে তিন হাজার ১৮৯টি, খুলনায় তিন হাজার ৪৫২টি, বরিশালে দুই হাজার ৪২০টি, সিলেটে এক হাজার ৩৬২টি ও রংপুর বিভাগে চার হাজার ৩০২টি।
মন্ত্রী বলেন, দ্বিতীয় ধাপে দুই হাজার ২৫২টি এমপিওবহির্ভূত বিদ্যালয় সরকারীকরণ করা হবে। তৃতীয় ধাপে নিবন্ধনের অপেক্ষাধীন ৯৬০টি সরকারি করা হবে। তিনি জানান, শিক্ষানীতির আলোকে তাঁরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে অষ্টম শ্রেণী চালু করবে। গত ৯ জানুয়ারি রাজধানীতে শিক্ষক মহাসমাবেশে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারীকরণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।