সরকারি হাসপাতালগুলোতে অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার সরকারি হাসপাতালগুলোতে অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার-সেবা দেওয়া হচ্ছে না। বরগুনা জেনারেল হাসপাতাল ও পাঁচটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একটিতেও গাইনি চিকিৎসক ও অবেদনবিদ নেই। এদিকে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে গড়ে ২৫ হাজার টাকা খরচ হচ্ছে।
বরগুনা জেলা সদরের জেনারেল হাসপাতালে গাইনি চিকিৎসক ও অবেদনবিদ নেই। একই অবস্থা পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী ও তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এমনকি জেলার মা ও শিশুকল্যাণকেন্দ্রেও লোকবলের অভাবে অস্ত্রোপচার-সেবা দেওয়া হয় না।
২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দুজন গাইনি বিশেষজ্ঞ ও একজন অবেদনবিদের পদ থাকলেও সেখানে একজনও কর্মরত নেই। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের একজন গাইনি বিশেষজ্ঞ ছিলেন। তিনিও এক বছর আগে বদলি হয়ে যান।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন বলেন, এ হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২১ জন চিকিৎসকের পদ আছে। কিন্তু কর্মরত আছেন মাত্র ছয়জন। ছয়জন চিকিৎসকের ওপর নির্ভর করে পুরো হাসপাতালের কাজ চালাতে হচ্ছে। প্রতিদিনই ৭০০-৮০০ রোগীকে চিকিৎসা দিতে হয়।
গত বুধবার সকালে জেলার মা ও শিশুকল্যাণকেন্দ্রে গিয়ে দেখা যায়, অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের ভিড়। ২০ শয্যার মা ও শিশুকেন্দ্রটি ২০০০ সালে চালু হয়। কেন্দ্রে একজন অবেদনবিদ, একজন চিকিৎসক ও চারজন স্বাস্থ্য পরিদর্শকের পদ আছে। কিন্তু কোনো গাইনি চিকিৎসক ও অবেদনবিদকে এখানে নিয়োগ দেওয়া হয়নি।
কেন্দ্রের জ্যেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক সুলতানা বুলবুল বলেন, ‘চোখের সামনে দেখি অন্তঃসত্ত্বা নারীরা প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিন্তু আমরা কিছুই করতে পারি না। একজন চিকিৎসাকর্মী হিসেবে নিজেকে তখন খুব অসহায় মনে হয়।’ তিনি আরও জানান, গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৪৯ জন রোগীকে তাঁরা অস্ত্রোপচারের জন্য অন্যত্র পাঠিয়েছেন।
বরগুনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, বরগুনার মা ও শিশুকল্যাণকেন্দ্রে সব ধরনের সুযোগ-সুবিধা আছে। কিন্তু গাইনি চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় এখানে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। তাঁরা চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে বারবার জানিয়েছেন। কিন্তু কোনো ফল পাননি।
বরগুনার সিভিল সার্জন রুস্তুম আলী গত সোমবার মুঠোফোনে বলেন, বরগুনা জেলায় ১৩২ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে সেখানে মাত্র ৩২ জন চিকিৎসক কর্মরত আছেন। তাঁর আওতায় থাকা পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোথাও গাইনি চিকিৎসক ও অবেদনবিদ নেই।
ক্লিনিকের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি ক্লিনিকে প্রতি মাসে গড়ে ১৮০টি অস্ত্রোপচার হয়। তিনটি বেসরকারি ক্লিনিকে বছরে ২ হাজার ১৬১ জন রোগীর অস্ত্রোপচার হয়। সেই হিসাবে প্রতিবছর অন্তঃসত্ত্বা নারীদের অস্ত্রোপচার বাবদ ৫ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা খরচ হচ্ছে।
সিভিল সার্জন রুস্তুম আলী বলেন, তিনি প্রায় দুই বছর দায়িত্ব পালন করছেন। তিনি প্রতি মাসেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গেও একাধিকবার কথা বলেছেন। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি।