সরকারি হাসপাতালগুলোতে ওষুধের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জীবন রক্ষাকারী সরকারি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে ফরিদপুর জেনারেল হাসপাতালসহ জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। সংকটের কথা স্বীকার করে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গণেশ কুমার আগরওয়ালা বলেন, চলতি অর্থবছরের ওষুধ না আসায় এই সংকটের সৃষ্টি হয়েছে।
ফরিদপুর জেনারেল হাসপাতালের কয়েকজন কর্মচারী ও ওই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই জেনারেল হাসপাতালে ওষুধশূন্যতা বিরাজ করছে। জেলা সংরক্ষিত গুদামে (ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর) প্যারাসিটামল, হিস্টাসিন, অ্যান্টাসিডসহ প্রয়োজনীয় ওষুধ নেই। বর্তমানে ওই হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগীদের শুধু মেট্রোনিডাজল ও আয়রন ছাড়া অন্য কোনো ওষুধ সরবরাহ করা হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই রোগী জানান, গত শনিবার তাঁরা একজন জ্বর ও অপরজন সর্দিকাশি নিয়ে হাসপাতালের বহির্বিভাগে যান। কিন্তু ওষুধ না থাকায় তাঁদের ওষুধ দেওয়া হয়নি। ফলে তাঁদের বাইরের দোকান থেকে প্রয়োজনীয় ওষুধ কিনতে হয়েছে।
জেনারেল হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকার মহাখালীতে অবস্থিত এসনেসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) মজুতাগার থেকে চলতি ২০১৫-১৬ অর্থবছরের কোনো ওষুধের ছাড় দেওয়া হয়নি। সাধারণত জানুয়ারি ও জুনে দুটি চালানে বছরের যাবতীয় ওষুধ ওই মজুতাগার থেকে জেলা সংরক্ষিত গুদামে আনা হয়। (কোনো কোনো বছর তিন ধাপেও ওষুধ সরবরাহ করা হয়।) পরে সেই ওষুধ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়।
ওষুধসংকটের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেনারেল হাসপাতালের আরএমও গণেশ কুমার আগরওয়ালা বলেন, চলতি অর্থবছরের ওষুধ শনিবার পর্যন্ত জেলা সংরক্ষিত গুদামে না আসায় জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের উপস্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা যায়নি।
ফরিদপুরের সিভিল সার্জন (সিএস) অরুণ কান্তি বিশ্বাস শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সম্প্রতি ফরিদপুরে সিএস পর্যায়ে রদবদল হয়েছে। আগের সিএস সময়মতো ওষুধের অর্ডার না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমরা ওষুধের প্রয়োজনের কথা স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় ওষুধ পেয়ে যাব।’