সরকারি হাসপাতালগুলোয় ৬৮৬১ চিকিৎসকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সরকারি হাসপাতালগুলোয় ছয় হাজার ৮৬১টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। নার্সের শূন্যপদের সংখ্যা তিন হাজার ৫৫১।জাতীয় সংসদে গতকাল রোববার মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে শূন্যঘোষিত পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যে এসব পদে নিয়োগের কাজ শেষ হবে বলে আশা করা যায়। হাফিজউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে। ইতিমধ্যে অ্যাডহক ভিত্তিতে তিন হাজার ৫৫১ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কোটায় ১৫ হাজার হজযাত্রী: সরকারি কোটায় চলতি বছর ১৫ হাজার হজযাত্রী হজব্রত পালনের সুযোগ পাবেন। এ বি এম গোলাম মোস্তফার এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ কথা বলেন। তিনি বলেন, আগামী হজের জন্য সরকার বেশ কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। নির্ধারিত সময়ের আগেই সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় ভালো সুযোগ-সুবিধাসম্পন্ন বাড়ি ভাড়া করা হয়েছে। প্রতি এক হাজার হজযাত্রীর জন্য একজন করে চিকিৎসক দেওয়া হচ্ছে। এ ছাড়া যাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশিক্ষিত হজ গাইড দেওয়া হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ইমাম প্রশিক্ষণের নিয়মিত প্রশিক্ষণ কোর্সের সিলেবাসে জঙ্গিবাদের বিষয়টি অন্তর্ভুক্ত রাখা হয়েছে। প্রশিক্ষণকালে ইমামদের জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে উদ্ধুদ্ধ করা হচ্ছে।নৌপথে ক্যাপিটাল ড্রেজিং: গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, দেশের নদ-নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ৫৩টি নৌপথে ক্যাপিটাল ড্রেজিং পরিচালনার জন্য ১১ হাজার ৫০০ কোটি টাকার পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর কথা উল্লেখ করে তিনি বলেন, নদ-নদীগুলোয় নাব্যতা বৃদ্ধি করতে সরকার বদ্ধপরিকর। অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে ২০ বছর মেয়াদি একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। মন্ত্রী বলেন, এ বিরাট কাজটি দুটি পর্যায়ে বাস্তবায়নের জন্য নয় বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। রাশেদা বেগমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরাগ নদ খননের পরিকল্পনা সরকারের রয়েছে। প্রতিবেদন উপস্থাপন: প্রশ্নোত্তর পর্ব শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল-১০১০ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিলটি উপস্থাপন করেন।