অবেদনবিদ (অ্যানেস্থেসিস্ট) না থাকায় ভোলার বিভিন্ন সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খায়রুল বাশার বলেন, এ হাসপাতালে অস্ত্রোপচারের কক্ষসহ আধুনিক সব যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা আছে।
কিন্তু অবেদনবিদ না থাকায় হাসপাতালে সাত মাস ধরে কোনো অস্ত্রোপচার করা যাচ্ছে না। সংকটাপন্ন রোগীদের ভোলার বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, জেলার মধ্যে একমাত্র ভোলা সদর উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একজন অবেদনবিদ আছে।
সিভিল সার্জন ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভোলা সদর উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এবং বেসরকারি ক্লিনিকে মাসে ৭০-৮০ জন প্রসূতির অস্ত্রোপচার করা হচ্ছে।
অন্যরা জেলার বাইরে চলে যাচ্ছেন। অবেদনবিদ না থাকায় সরকারি হাসপাতালগুলোতে কোনো অস্ত্রোপচার হচ্ছে না।’ তিনি বলেন, ‘আমরা অবেদনবিদের জন্য তদবির করতে করতে হতাশ হয়ে পড়েছি।’
হাসপাতালগুলোর একাধিক সূত্র জানায়, ভোলার সরকারি হাসপাতালগুলোতে প্রতি মাসে সন্তানসম্ভবাসহ শতাধিক রোগী অস্ত্রোপচারের জন্য আসেন।
কিন্তু অবেদনবিদ না থাকায় বাধ্য হয়ে তাঁরা বেসরকারি ক্লিনিকে কিংবা জেলার বাইরের হাসপাতালে চলে যান। জেলায় আট বছর ধরে এ সমস্যা চলছে।
দীর্ঘ এ সময়ে কয়েকজন অবেদনবিদ এসে দু-এক দিন থেকে চলেও গেছেন। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, অবেদনবিদ এফ কে চৌধুরী বছর খানেক আগে এখানে যোগ দিয়ে তিন মাসের ছুটিতে যান। এরপর পাঁচ বছরের শিক্ষা ছুটি নেন।
খোঁজ নিয়ে জানা যায়, সদর হাসপাতাল ছাড়া মনপুরা, লালমোহন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অবেদনবিদ না থাকায় কোনো অস্ত্রোপচার হচ্ছে না।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান, নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন, ভোলা আবৃত্তি সংসদের সহসভাপতি মশিউর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, ভোলার ক্লিনিকগুলোর ষড়যন্ত্র, চিকিৎসকদের মফস্বলে কাজ না করার মানসিকতা, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও অসহযোগিতার কারণে অবেদনবিদ আসছেন না। সরকারি হাসপাতালে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকলেও অবেদনবিদের অভাবে সেখানে অস্ত্রোপচার হচ্ছে না।