সরকারি হাসপাতালে ওষুধ যাবে কেন্দ্রীয়ভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কেন্দ্রীয়ভাবে ওষুধ সরবরাহ করবে সরকার। ওষুধের প্যাকেট বা মোড়কের রং হবে লাল-সবুজ। এই ওষুধ খোলাবাজারে বিক্রি করলে চুরির অপরাধের সমান শাস্তি দেবে সরকার।স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে ওষুধ চুরি বা খোয়া যাওয়ার যেসব ঘটনা ঘটত, নতুন ব্যবস্থায় তা বন্ধ হবে। সরকার ইতিমধ্যে ওষুধ কিনেছে, শিগগির তা বিভিন্ন জেলা ও উপজেলায় পৌঁছে যাবে।রুহুল হক জানান, দেশের প্রথম শ্রেণীর ২৫টি ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ কিনছে সরকার। চাহিদার ভিত্তিতে জেলা ও উপজেলা সরকারি হাসপাতালে কোম্পানিগুলো ওষুধ সরবরাহ করবে। এতে ওষুধের মান ভালো থাকবে। তিনি বলেন, আগে ছোট কোম্পানির কাছ থেকে স্থানীয়ভাবে ওষুধ কেনা হতো। এতে ওষুধের দামের তারতম্য হতো, মানও ঠিক থাকত না।স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ওষুধের প্যাকেট বা মোড়কের রং হবে লাল-সবুজ। দেখলেই বোঝা যাবে, এটি সরকারি ওষুধ। তিনি বলেন, রং নির্দিষ্ট হওয়ায় কেউ বাজারে এই ওষুধ বিক্রি করতে পারবে না। দোকানে এই ওষুধ বিক্রি হতে দেখলে সাধারণ মানুষ প্রতিবাদ করবে।স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর ৫৮ কোটি টাকার ৫০০ ধরনের ওষুধ কিনছে সরকার। কোম্পানিগুলো প্রায় এক-তৃতীয়াংশ দামে সরকারকে এই ওষুধ দিচ্ছে। এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অত্যাবশ্যকীয় ওষুধ তৈরি করে বাজারজাত করার ব্যাপারে কোম্পানিগুলোর সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় করে এসব ওষুধের দাম নির্ধারণ করা হবে। স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলী বলেন, বাজারে কেউ সরকারি ওষুধ বিক্রি করলে তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হবে। তিনি বলেন, মানুষ সচেতন হলে হাসপাতাল থেকে ওষুধ চুরি বন্ধ হবে।