ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকেরা গতকাল বৃহস্পতিবার সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা দেননি। তবে সরকারি ওই চিকিৎসকেরাই নিজেদের মালিকানাধীন বেসরকারি হাসপাতালগুলোতে সকাল থেকে চিকিৎসা কার্যক্রম চালিয়েছেন। এতে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে আসা গরিব রোগীরা চরম দুর্ভোগে পড়ে। এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বাঞ্ছারামপুর ও নবীনগরে প্রতিবাদ সভা হয়েছে। গত মঙ্গলবার শহরের দক্ষিণ মৌড়াইলের মডেল জেনারেল হাসপাতালে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরও দুই সাংবাদিকসহ পাঁচজনকে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনায় ওই হাসপাতালের মালিক চিকিৎসক ও জামায়াত নেতা ফরিদ উদ্দিন আহমেদসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। গত বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই চিকিৎসককে অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে দাবি করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া শাখা সকাল থেকে কর্মবিরতি পালন করে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সাধারণ সম্পাদক ও জেলা বিএমএর সম্পাদক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু সাঈদ আন্দোলনে নেতৃত্ব দেন। এতে সরকারি হাসপাতালে ভর্তি হওয়া গরিব রোগীরা দুর্ভোগের শিকার হয়।সদর হাসপাতালে গিয়ে জানা গেছে, নবীনগরের বাইশমোজা গ্রামের মাহমুদুল হাসান গত পরশু তাঁর এক বছর বয়সী শিশু মাইনুল হাসানকে সদর হাসপাতালে আনেন। শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত। গতকাল চিকিৎসকেরা কেউ তার চিকিৎসা দিতে না আসায় তিনি অন্যত্র যেতে চাইছিলেন। কিন্তু বেসরকারি চিকিৎসাকেন্দ্রে গিয়ে চিকিৎসা করানোর তাঁর সামর্থ্য নেই জানিয়ে সাংবাদিকদের সামনে তিনি কান্নায় ভেঙে পড়েন। চিকিৎসকদের কর্মবিরতি চলাকালে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চলার কথা থাকলেও সেখানেও কোনো চিকিৎসক ছিলেন না। এদিকে আন্দোলনকারীদের নেতা আবু সাঈদের ব্যক্তিমালিকানাধীন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে সারা দিন চিকিৎসা কার্যক্রম অব্যাহত ছিল। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ওই চিকিৎসক নিজে চিকিৎসা দিয়েছেন। এ ব্যাপারে আবু সাঈদ বলেন, তাঁর চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা কার্যক্রম চালানোর কথা স্বীকার করেন। এ ছাড়া জামায়াতের নেতা ফরিদ উদ্দিনের মডেল জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া সভাপতি বজলুর রহমানের মালিকানাধীন সেবা ক্লিনিকেও চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, বিএমএর নেতাদের তিনি কর্মবিরতি প্রত্যাহার করতে অনুরোধ করেছেন।সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য আবু তাহের বলেন, চিকিৎসকদের কর্মবিরতির কারণে গ্রামের গরিব অসহায় রোগীরা ক্ষতিগ্রস্ত হলেও আন্দোলনকারী চিকিৎসকেরাই লাভবান হয়েছেন। জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বলেন, অন্যায় কাজের সমর্থনে চিকিৎসকদের আন্দোলন সাধারণ মানুষ মেনে নেয়নি।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি অধ্যাপক মুখলেছুর রহমান খান বলেন, অত্যাচারীদের পক্ষ নিয়ে চিকিৎসকদের আন্দোলন নিন্দনীয়।ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, চিকিৎসকেরা নিজেদের লাভে এই আন্দোলন করছেন। এতে গরিব রোগীরা দুর্ভোগে পড়েছে।বাঞ্ছারামপুর ও নবীনগর প্রতিনিধি জানান, সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে সভা হয়েছে। সভায় সাংবাদিকের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ ছাড়া গতকাল নবীনগর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা হয়।