সরকারি হাসপাতালে ছয় হাজার নতুন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছয় হাজার ৯২ জন চিকিৎসক সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। ৩৩তম বিসিএস উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারের এসব চিকিৎসককে ১০ দিনের মধ্যে বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়োগ দেওয়া হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন চিকিৎসকদের চাকরিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যেসব চিকিৎসক দুই বছর গ্রামে থেকে কাজ করবেন, তাঁরা উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ১৬ হাজারের বেশি চিকিৎসক কর্মরত আছেন। নতুন ছয় হাজারের বেশি চিকিৎসক নিয়োগের ফলে এই সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেল।
সরকারি কর্মকর্তারা বলেছেন, এত বিপুলসংখ্যক চিকিৎসক একসঙ্গে সরকারি চাকরিতে যোগ দেওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে ২০১০ সালে চার হাজারের কিছু বেশি চিকিৎসককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব চিকিৎসকের বড় অংশকে সরকার গ্রামে রাখতে পারেনি।
অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, চিকিৎসকেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজ এলাকা বা উপজেলায় নিয়োগ পাচ্ছেন। দায়িত্বে থাকলে দুই বছর গ্রামে থাকা চিকিৎসকদের ভালো পদোন্নতি দেবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন। চিকিৎসকদের সুরক্ষায় আইন হচ্ছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, টেবিলে রোগী রেখে, রোগীদের জিম্মি করে চিকিৎসকদের ধর্মঘট করা চলবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. ইহতেশামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ছয় হাজার ১৫১ জন চিকিৎসকের কাজে যোগদানের কথা থাকলেও সবাই যোগ দেননি। তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে চিকিৎসকের নিজের উপজেলা, জেলা ও বিভাগকে অগ্রাধিকার দেওয়া হবে।