সরকারি হাসপাতালে পদ শূন্য, রাস্তায় বেকার নার্স
মনোয়ারা পারভীন এখন আর মনে করতে পারেন না গত ১০ বছরে মতিঝিলের সেবা পরিদপ্তরে ঠিক কতবার এসেছেন। ২০০১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিংয়ে ডিপ্লোমা ডিগ্রি নেন তিনি। সরকারি চাকরির জন্য বছর তিনেক চেষ্টা করে ব্যর্থ হন। বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় মধ্যপ্রাচ্যে পাড়ি দেন। সেখানে পেশাগত বৈষম্যের শিকার হন। একপর্যায়ে দেশে ফিরে আসেন। আবার সেবা পরিদপ্তরে ধরনা দিচ্ছেন। কিন্তু চাকরি মিলছে না। সংশ্লিষ্ট সূত্র বলছে, পাস করে চাকরি পাচ্ছেন না দেশে এমন নার্সের সংখ্যা প্রায় ১০ হাজার।বাংলাদেশ নার্সিং কাউন্সিলের হিসাবে, বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে এক লাখ ৮০ হাজার নার্সের প্রয়োজন। অন্যদিকে দেশের সরকারি ও বেসরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে বছরে মাত্র এক হাজারের মতো নার্স পাস করে বের হচ্ছেন। পরিকল্পনার অভাবে সরকারি হাসপাতালে বহু পদ শূন্য রয়েছে। অভিযোগ আছে, অনেক বেসরকারি হাসপাতালে নার্সের পরিবর্তে আয়ারা কাজ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন চিকিৎসকের সহায়তার জন্য তিনজন নার্স থাকা দরকার। কিন্তু বাংলাদেশের হাসপাতালগুলোর চিত্র একেবারে বিপরীত। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব (স্বাস্থ্য বুলেটিন, ২০১০) বলছে, সরকারি সেবা খাতে কর্মরত চিকিৎসকের সংখ্যা ১২ হাজার ৩৫৯ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, সরকারি খাতে ৩৭ হাজার ৭৭ জন নার্স থাকার কথা। নার্স আছেন ১৪ হাজারের কিছু বেশি। দেশে এখন সাড়ে ২২ হাজারের মতো নার্সের সংকট রয়েছে।এর বাইরে আছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। এই খাতেও বহু সংখ্যক নার্সের প্রয়োজন। তবে এই খাতে কত নার্স আছে এবং কত প্রয়োজন তার কোনো পরিসংখ্যান সরকারি কোনো দপ্তরে নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের আমলে দুই হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তবে পাস করা সব নার্সকে সরকারি খাতে চাকরি দেওয়া যাচ্ছে না। বেসরকারি খাতে প্রচুর হাসপাতাল, ক্লিনিক গড়ে উঠেছে, সেখানেও নার্স দরকার। বিদেশেও নার্সের বড় ধরনের চাহিদা আছে। তিনি বলেন, ‘সে জন্য প্রতিটি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং ইনস্টিটিউট চালুর নির্দেশ দেওয়া হয়েছে। পাঠ্যক্রমেও পরিবর্তন আনা হয়েছে।’শয্যা বেড়েছে, ইউনিট বেড়েছে, নার্স বাড়েনি: নার্সেস অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেছেন, কোনো সরকারই নার্স নিয়োগের ব্যাপারে আন্তরিক ছিল না। নার্সদের নিয়ে সরকারগুলোর কোনো পরিকল্পনা ছিল না বলে সংকট এত ঘনীভূত হয়েছে। স্বাস্থ্য বুলেটিন, ২০১০-এ বলা হয়েছে, প্রথম শ্রেণীর নার্সের জন্য অনুমোদিত ১৬১টি পদের বিপরীতে আছেন মাত্র ছয়জন, দ্বিতীয় শ্রেণীর নার্সের জন্য অনুমোদিত ৪৬৩টি পদের বিপরীতে ১৫০ জন, তৃতীয় শ্রেণীর নার্সের জন্য অনুমোদিত ১৬ হাজার ৫৫৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৩ হাজার ৩২৭ জন।সরকারি হাসপাতালগুলোয় শয্যা ও ইউনিট বাড়লেও নার্সদের সংখ্যা বাড়ছে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিএনএ) সভাপতি সাবিনা শারমীন প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ৮০০ শয্যা থেকে এক হাজার ৭০০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু এখানে নার্সের সংখ্যা বাড়েনি। তিনি বলেন, সর্বোচ্চ চারজন রোগীর জন্য একজন নার্স থাকার কথা, তবে রাতের পালায় কখনো কখনো ১০০ জন রোগীর দায়িত্বে থাকেন একজন নার্স।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত নার্স নিয়োগ পুরোপুরি বন্ধ ছিল। নিয়োগ শুরু হলে কিছু জটিলতা দেখা দেয়। এর মধ্যে অনেকের সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে যায়। পরে বয়স শিথিল করে বেশকিছু নার্সকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তাতে সব শূন্য পদ পূরণও হয়নি, বেকার নার্সরাও কাজ পাননি।অনেক বেসরকারি হাসপাতাল প্রশিক্ষিত নার্সদের নিয়োগ দিচ্ছে না: চার বছরের ডিপ্লোমা অথবা নার্সিং কলেজ থেকে বিএসসি পাস করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিলের (বিএনসি) অনুমোদন নিলে একজন নার্স হাসপাতালে চাকরি করতে পারবেন। কিন্তু বেসরকারি অনেক হাসপাতালই নার্স নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকে আমলে নিচ্ছে না। অভিযোগ আছে, নামমাত্র বেতনে স্বল্পশিক্ষিত ছেলেমেয়েদের নার্স হিসেবে নিয়োগ দিচ্ছে অনেক হাসপাতাল।ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব আসাদুজ্জামান জুয়েল প্রথম আলোকে বলেন, প্রত্যেক নার্সকে অণুপ্রাণবিজ্ঞান, অঙ্গব্যবচ্ছেদ বিদ্যা (অ্যানাটমি), ফিজিওলজি (শারীরবিদ্যা), শল্যচিকিৎসা (সার্জারি), পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টিসহ আরও নানা বিষয় নিয়ে পড়তে হয়। সেই সঙ্গে ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা আছে। কিন্তু দুঃখের বিষয়, অনেক বেসরকারি হাসপাতাল অল্প টাকায় বাড়ির কাজের লোক বা আয়াদের দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করে।বেসরকারি হাসপাতালে নার্স নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পায় বাংলাদেশ নার্সিং কাউন্সিল। এরপর কাউন্সিল ১৬ আগস্ট ২০১০ তারিখে জনস্বার্থে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে বলা হয়, কাউন্সিলের পেশাগত সনদ ছাড়া কোনো নার্স, মিডওয়াইফ বা নার্সিং সহযোগী পরিচয়ে নিয়োগ অবৈধ ও বেআইনি এবং তা শাস্তিযোগ্য অপরাধ। দেশের বাইরেও বাড়ছে চাহিদা: বিশ্বের উন্নত দেশগুলোতে নার্সের চাহিদা বাড়ছে। অভিবাসন নিয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সালাউদ্দিন এম আনিসুজ্জামান। নার্সদের নিয়ে তাঁর এক গবেষণায় দেখা যায়, উন্নত বিশ্বে প্রবীণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য নার্সের চাহিদা বাড়ছে।সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দক্ষ নার্স তৈরির জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রতিটি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে নার্সিং ইনস্টিটিউট খোলা বাধ্যতামূলক করছে সরকার। এই পেশায় আগ্রহী করে তুলতে তৃতীয় শ্রেণী থেকে নার্সদের দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে ৩৭টি সরকারি ইনস্টিটিউট ও ছয়টি বেসরকারি ইনস্টিটিউট নার্সিং শিক্ষা দিচ্ছে। আরও আটটি সরকারি ইনস্টিটিউট চালুর চেষ্টা চলছে।বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম জানান, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে নার্সিং শিক্ষা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। পাঠ্যক্রমে পরিবর্তন আনা হয়েছে।