সরকারি হাসপাতালে বড়ি নেই, অধিদপ্তরে পড়ে আছে ৫ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ রক্তচাপের ওষুধ ‘অ্যামলোডিপিন’ সরকারি হাসপাতালে নেই। ফলে রোগীদের বাজার থেকে চড়া দামে এ বড়ি কিনতে হয়। ওদিকে স্বাস্থ্য অধিদপ্তরে এ ওষুধ পড়ে আছে লাখে লাখে। বারবার তাগাদা দিলেও জেলা পর্যায় থেকে চাহিদাপত্র যায় না।

যশোরে গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মশালায় বক্তাদের আলোচনায় এ চিত্র বেরিয়ে আসে। অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডিসি) আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সহায়তা দেয় বেসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএস) ও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যশোর শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এ কর্মশালায় সাতক্ষীরার তালা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাহারুল ইসলাম বিষয়টির অবতারণা করেন। তিনি বলেন, উচ্চ রক্তচাপের ওষুধ অ্যামলোডিপিন বড়ি সরকারি হাসপাতালে বরাদ্দ নেই। ফলে বিশেষ করে গ্রামের গরিব রোগীরা বিপাকে পড়ে। বাজার থেকে চড়া দামে তাদের ওষুধটি কিনে খেতে হয়। অনেক সময় টাকার অভাবে তারা ওষুধটি খাওয়া অব্যাহত রাখতে পারেন না।

এর জবাবে অনুষ্ঠানের সঞ্চালক স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এনসিডি) আবদুল আলিম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে বর্তমানে পাঁচ লাখ অ্যামলোডিপিন বড়ির মজুত রয়েছে। ওই ওষুধের চাহিদাপত্র দেওয়ার জন্য চার-পাঁচবার জেলা সিভিল সার্জনকে চিঠি দেওয়া হয়েছে। মাত্র কয়েকটি জেলা থেকে চাহিদাপত্র এসেছে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসাইন বলেন, ‘ওষুধটি ব্যবহার হচ্ছে না বলে অডিট আপত্তি এসেছে। অথচ আপনারা বলছেন, ওষুধের বরাদ্দ নেই।’ চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে সুবিধা নিয়ে কোম্পানির ওষুধ কেনার জন্য রোগীদের পরামর্শ দেন। অথচ হাসপাতালে বসে সরকারি বরাদ্দের ওষুধ ব্যবস্থাপত্রে লেখেন না। এই মানসিকতা বদলান। আপনারা বহির্বিভাগের চিকিৎসাসেবা দেওয়ার আগে কি কখনো খোঁজ নেন যে হাসপাতালের ওষুধঘরে কোন কোন ওষুধের বরাদ্দ রয়েছে?’

কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন গোপেন্দ্রনাথ আচার্য। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক রওশন আনোয়ার ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের সভাপতি শেখ আকতার আহমেদ। মূল ধারণাপত্র উপস্থাপন করেন ঢাকার সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথলমোলোজি অ্যান্ড হসপিটালের সহকারী অধ্যাপক নাহিদ ফেরদৌসী, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের সমন্বয়কারী মশিউর রহমান ও টিম লিডার তরুণ কান্তি হোড়।

কর্মশালায় বলা হয়, বাংলাদেশে অসংক্রামক রোগ উচ্চ রক্তচাপ, ক্যানসার, ডায়াবেটিস, হৃদ্‌রোগ, শ্বাসতন্ত্রের রোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে গেছে।