রাজধানীর সব সরকারি হাসপাতাল গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী পালন করেছে ভিন্নভাবে। হাসপাতালগুলোতে ছিল নির্ধারিত ফি ছাড়া চিকিৎসাসেবা। কোনো কোনো হাসপাতালে অন্য দিনের তুলনায় রোগীদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হয়।
গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৭টি বিভাগের অধীনে ৫ হাজার ৩০৯ জন রোগী বিশেষজ্ঞ সেবা পান। এতে অংশ নেন ৩২ জন অধ্যাপক, ২৫ জন সহযোগী অধ্যাপক, ২৫ জন সহকারী অধ্যাপক ও ১০ জন পরামর্শক। এ ছাড়া উপস্থিত ছিলেন শতাধিক চিকিৎসা কর্মকর্তা।
অন্যান্য দিনের তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রোগী কিছুটা কম ছিল।
তবে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক কাজী রফিকুল আবেদীন প্রথম আলোকে বলেন, অন্যান্য দিন দেড় শর মতো রোগী এলেও গতকাল বহির্বিভাগে এ সংখ্যাটি ছিল প্রায় আড়াই শ। নির্ধারিত ফি ছাড়া চিকিৎসাসেবার পাশাপাশি ছিল রোগের পরীক্ষা-নিরীক্ষাও। ফলে রোগীর চাপও বেশি ছিল বলে জানান তিনি।
ছুটির দিন হলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বহির্বিভাগে ৮০০ রোগী আসেন। ফলে জরুরি বিভাগকে রোগী ভর্তির বাড়তি চাপ সামলাতে হয়নি।
রোগী কিছুটা কম ছিল মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। বহির্বিভাগে প্রতিদিন তিন শ থেকে সাড়ে তিন শ রোগী আসেন। গতকাল শ দেড়েক রোগী এসেছেন। তবে এ হাসপাতালে ভর্তি রোগীদের জন্য কর্তৃপক্ষ অন্যান্য দিনের তুলনায় ভালো খাবারের ব্যবস্থা করেছিল।
একই ব্যবস্থা ছিল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানেও (পঙ্গু হাসপাতাল)। তবে সেখানে অন্যান্য দিনের তুলনায় রোগী কম ছিল।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের বহির্বিভাগ খোলা ছিল।