সরকারি হাসপাতালে মৃতদের মধ্যে হৃদরোগী বেশি
সরকারি হাসপাতালে মারা যাওয়া রোগীদের মধ্যে সংখ্যায় বেশি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। দ্বিতীয় স্থানে আছে জন্মকালীন শ্বাসকষ্টের শিকার নবজাতকেরা। তৃতীয় স্থানে রক্তে সংক্রমণের রোগীরা।
স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল তথ্য ব্যবস্থাপনা (এমআইএস) শাখা হাসপাতালে মৃত্যুর প্রধান ১০টি কারণের তালিকা তৈরি করেছে। সরকারি ৫০৪টি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে হৃদরাগ, জন্মকালীন শ্বাসকষ্ট ও রক্তে সংক্রমণ।
কাগজপত্রে দেখা যায়, এসব হাসপাতালের মধ্যে আছে ৪২১টি উপজেলা হাসপাতাল, ৬২টি জেলা ও সদর হাসপাতাল, ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে রোগের গতিধারার ক্রান্তিকাল চলছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সেন্টার ফর ক্রনিক ডিজিজের ভারপ্রাপ্ত পরিচালক দেওয়ান সামছুল আলম বলেন, একসময় ডায়রিয়ায় সবচেয়ে বেশি মানুষ মারা যেত। এখন সবচেয়ে বেশি মারা যাচ্ছে হৃদরোগে। এটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য নতুন বার্তা।
এমআইএসের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সালে ৫০৪টি হাসপাতালে ৯৯ হাজার ২৫৬ জন মানুষের মৃত্যু হয়। প্রতিটি মৃত্যুর কারণ তাঁরা জানার চেষ্টা করেছেন। এ ক্ষেত্রে তাঁরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত পন্থা (ইন্টারন্যাশনাল ক্যাসিফিকেশন অব ডেথ-আইসিডি) অনুসরণ করেছেন। এতে দেখা গেছে, তিন হাজার ৬৬৪টি বা ৩ দশমিক ৭ শতাংশ মৃত্যুর কারণ হঠাৎ হৃদরোগে আক্রান্ত (অ্যাকিউট মাইয়োকার্ডিয়াল ইনফ্রাকশন) হওয়া। হাসপাতালে মৃত্যুর প্রথম ১০টি কারণের মধ্যে এটি শীর্ষে। দ্বিতীয় স্থানে জন্মকালীন শ্বাসকষ্ট (বার্থ অ্যাসফেক্সিয়া)। এটি নবজাতকের মৃত্যুর কারণ। এতে তিন হাজার ২৮৭টি বা ৩ দশমিক ৩ শতাংশ মৃত্যু হয়। তৃতীয় স্থানে আছে রক্তে সংক্রমণ (সেপটিসেমিয়া)। এতে মারা যায় এক হাজার ৮০৭ জন বা ১ দশমিক ৮ শতাংশ।
অন্য সাতটি কারণ: নিউমোনিয়া (১.৭ শতাংশ), শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি জটিলতা বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমুনারি ডিজিজেস (১.৭), পক্ষাঘাত (১.১), মস্তিষ্কে আঘাতহীন রক্তক্ষরণ বা ননট্রমাটিক ইন্ট্রাক্রানিয়াল হেমারেজ (১.০), জরায়ুর অভ্যন্তরে অক্সিজেনের স্বল্পতা বা ইন্ট্রাইউট্রাইন হাইপোক্সিয়া (১.০), মস্তিষ্কে আঘাত বা ইন্ট্রাক্রানিয়াল ইনজুরি (১.০) এবং মস্তিষ্কে রক্তক্ষরণ (০.৯ শতাংশ)। তালিকার শীর্ষে থাকা ১০টি রোগে ১৭ দশমিক ২ শতাংশ রোগীর মৃত্যু ঘটে। বাকি মৃত্যুর কারণ আরও বহু রোগ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জি বলেন, সরকারি পরিসংখ্যানে হৃদরোগকে সবচেয়ে বেশি সংখ্যায় মৃত্যুর কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। এই তথ্য ও এর অন্তর্নিহিত তাৎপর্যকে গুরুত্ব দিতে হবে।
দেওয়ান সামছুল আলম ও সজল কৃষ্ণ ব্যানার্জি বলেন, হৃদরোগ, ডায়াবেটিস বা ক্যানসারের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারকে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এর চিকিৎসায় বিভিন্ন স্তরের হাসপাতালগুলোকে তৈরি করতে হবে।
বিশ্বের শীর্ষ ১০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১১ সালে বিশ্বব্যাপী মৃত্যুর শীর্ষ ১০টি কারণ চিহ্নিত করেছে। এগুলো হচ্ছে রক্তপ্রবাহ বাধাগ্রস্তজনিত রোগ (স্কেমিক হার্ট ডিজিজ ১১.২ শতাংশ), পক্ষাঘাত (১০.৬ শতাংশ), ফুসফুসের সংক্রমণ (লোয়ার রেসপিরেটরি ইনফেকশন ৬.৭ শতাংশ), শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি জটিলতা (৫.৮ শতাংশ), ডায়রিয়াজনিত রোগ (৪.৭ শতাংশ), এইচআইভি/এইডস (৩ শতাংশ), ফুসফুসের ক্যানসার (২.৭ শতাংশ), ডায়াবেটিস (২.৬ শতাংশ), সড়ক দুর্ঘটনা (২.২ শতাংশ) এবং অপরিণত শিশুমৃত্যু (১.৯ শতাংশ)। বাকি ৪৮.২ শতাংশ মৃত্যুর কারণ অন্য বহু রোগ।