সরকারি হাসপাতালের অর্ধেকের বেশি যন্ত্র কাজে লাগে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অর্থে কেনা অর্ধেকের বেশি চিকিৎসা যন্ত্রপাতি হাসপাতালে মানুষের সেবায় আসে না। ২১ শতাংশ যন্ত্রের প্যাকেটই খোলা হয় না। যন্ত্রপাতির ১১ শতাংশ ব্যবহারের আগেই নষ্ট হয়ে যায়। ১০ শতাংশের ব্যবহার হয় আংশিক। ১১ শতাংশ ঠিক থাকলেও ব্যবহার করা হয় না।
বিশ্বব্যাংক, স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ঔষধ ভান্ডারের এক জরিপে এই তথ্য মিলেছে। গত রোববার সিরডাপ মিলনায়তনে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জনদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় জরিপের এই তথ্য দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর এ সভার আয়োজন করে।
বিশ্বব্যাংকের স্বাস্থ্য অর্থনীতিবিদ ইফফাত মাহমুদ বলেন, কেনার পর দীর্ঘদিন ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারে যন্ত্র পড়ে থাকে। জরিপের সময় দেখা গেছে, প্রয়োজন নেই এমন মেডিকেল যন্ত্র হাসপাতালে পাঠানো হয়। যন্ত্র বসানোর সময় সরবরাহকারী ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, সরকারি অর্থে কেনা ৪৯ শতাংশ যন্ত্র ব্যবহার হতে দেখা গেছে।
স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচির আওতায় ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে এসব চিকিৎসা যন্ত্রপাতি কেনা হয়। ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের ৫০টি হাসপাতালে এই জরিপ করা হয় ২০১২ সালে। এ ছাড়া জরিপ প্রতিবেদনে ১৯৭টি দরপত্র দলিল ও ১৬৫টি কার্যাদেশ চুক্তি বিশ্লেষণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জেলার সিভিল সার্জনরা কাজের ক্ষেত্রে সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। একাধিক সিভিল সার্জন মাঠপর্যায়ে জনবল বাড়ানোর কথা বলেন।
প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর জন্য প্রয়োজনে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে যুদ্ধ করবেন। তিনি বলেন, সিভিল সার্জনদের নজরদারি বাড়াতে হবে। কাজে ফাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বা অফিসের খাতায় আগাম ১৫ দিনের উপস্থিতির স্বাক্ষর করা কিছুতেই বরদাশত করা হবে না।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা শাখার ‘উদ্দীপিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের’ আওতায় ৪৯টি প্রতিষ্ঠানকে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার ২০১৪’ দেওয়া হয়।