সরকারি হাসপাতালের চিকিৎসক ক্লিনিকে ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক-সংকট প্রকট আকার ধারণ করেছে। হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও জনবল বাড়ানো হয়নি। ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ীই এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। যাঁরা আছেন, তাঁরা হাসপাতালে সময় না দিয়ে ক্লিনিকে রোগী দেখেন বলে অভিযোগ পাওয়া গেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এ হাসাপাতালটি ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। তখন শুধু অবকাঠামো নির্মাণ করা হয়। গত ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ সভায় এ হাসপাতালের জন্য ১০০ শয্যার জনবল কাঠামো অনুমোদন দেওয়া হয়। কিন্তু এখনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি।১০০ শয্যার হাসপাতালটি চালানোর জন্য তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসক কর্মকর্তাসহ ৪২ জন চিকিৎসক প্রয়োজন। এ ছাড়া নার্স ও ওয়ার্ডবয়সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১০৮ জন কর্মকর্তা ও কর্মচারী প্রয়োজন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী ২০ জন চিকিৎসকের মধ্যে মাত্র ১০ জন আছেন। এঁদের মধ্যে দায়িত্ব পালন করেন পাঁচ থেকে ছয়জন। বাকিরা বিভিন্ন ক্লিনিকে বসেন। তাঁরা হাসপাতালে এসে হাজিরা খাতায় সই করে চলে যান। চিকিৎসা কর্মকর্তা আজাদ হোসেন, শিফাত জাহান ও সাহেলা পারভীনকে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রেষণে সদর হাসপাতালে আনা হয়েছে। গাইনি বিশেষজ্ঞ তাহমিনা কবির ২৫ দিনের ছুটিতে আছেন। তাঁর পরিবর্তে সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা শাহিনুর নাজিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিনি প্রতিদিন হাসপাতালে না এসে পাশে অবস্থিত মেট্রো ক্লিনিকে বসেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন বহির্বিভাগে ৮০০ থেকে এক হাজার রোগী চিকিৎসা নেওয়ার জন্য আসে। পাঁচ-ছয়জন চিকিৎসকের পক্ষে এত রোগীর সেবা দেওয়া সম্ভব হয় না। অনেকে স্বাস্থ্যসেবা না পেয়ে ফিরে যান। অন্তবিভাগের বিভিন্ন ওয়ার্ডে সব সময় ১৮০ থেকে ২০০ জন রোগী ভর্তি থাকে। গত বুধ ও বৃহস্পতিবার হাসপাতালে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘুরে দেখা যায়. চিকিৎসা কর্মকর্তা এ কে আজাদ, চক্ষুবিশেষজ্ঞ শফিকুর রহমান, আব্দুস সোবাহান, শায়লা পারভীন, মাহমুদুল হাসান, সিফাত জাহান, শাহিনুর নাজিয়া ও মনিরুল ইসলামের কক্ষ তালাবদ্ধ। চিকিৎসা কর্মকর্তা রাজেশ মজুমদার, মোস্তফা খোকন, সুমন কুমার পোদ্দার, ডেন্টাল সার্জন কাওসার জাহানারা, শিশুবিশেষজ্ঞ জালাল উদ্দিন আহমেদ হাসপাতালে রোগীদের চিকিৎসা দিচ্ছেন।বুধবার বেলা সাড়ে ১১টায় শাহিনুর নাজিয়াকে মেট্রো ক্লিনিকে রোগীদের চিকিৎসাসেবা দিতে দেখা যায়। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।দেড় বছর আগে যোগদানের পর থেকে চক্ষুবিশেষজ্ঞ শফিকুর রহমান সপ্তাহের রবি ও বৃহস্পতিবারে হাসপাতালে বসেন। বাকি দিনগুলোতে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে একটি ক্লিনিকে রোগী দেখেন। এ বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে।’ সিভিল সার্জন আবদুল ওহাব হাওলাদার বলেন, ‘১০০ শয্যার হাসপাতালের জনবল কাঠামো অনুমোদন হওয়ার পরও পদায়ন করা হচ্ছে না। স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে সাধারণ মানুষকে সেবা দিতে পারছি না। যেসব চিকিৎসক কর্মরত আছেন, তাঁদের বিরুদ্ধে ক্লিনিকে রোগী দেখার মৌখিক অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’