মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে এবার দ্বিতীয় পশলায় রুইজাতীয় মা-মাছের দেওয়া ডিম অধিক পরিমাণে আহরণ করা গেলেও জেলেদের মুখে হাসি নেই। সরকারি হ্যাচারির হাউসগুলো (কুয়া) ত্রুটিপূর্ণ হওয়ায় পরস্ফুিটনের জন্য রাখা ডিম ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে। তা ছাড়া হ্যাচারিতে পর্যাপ্ত জায়গা না থাকায় অক্সিজেনের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ডিম। এই অবস্থায় জেলেরা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।জেলেদের সূত্রে জানা যায়, গত শুক্রবার বৃষ্টি ও মেঘের গর্জনের ফলে পাহাড়ি ঢলে হালদা নদীতে সৃষ্ট স্রোতে ডিম ছাড়ে রুইজাতীয় মা-মাছ। এবার রেকর্ড পরিমাণ প্রায় ১৬ হাজার কেজি ডিম সংগৃহীত হয়, যা বিগত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ডিমের পরিমাণ বেশি হওয়ায় অনেক জেলে ডিম নিজের কুয়া বা হ্যাচারিতে রাখতে পারছেন না। জেলেরা জানান, হাটহাজারী ও রাউজান উপজেলায় সাতটি সরকারি হ্যাচারি রয়েছে। তবে এসব হ্যাচারির অবস্থা শোচনীয়। বেশ কয়েকটি হ্যাচারির হাউসে পরস্ফুিটনের জন্য রাখা ডিম ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে। তা ছাড়া হ্যাচারিতে অক্সিজেনের অভাবে অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে। হাটহাজারীর মাদার্শা ইউনিয়নের মাছুয়াঘোনা এলাকার ডিম সংগ্রহকারী শফিউল আলম বলেন, রাউজান এলাকার কাগতিয়ার টেক হ্যাচারি ও মাছুয়াঘোনা হ্যাচারিতে ডিম রাখা নিরাপদ নয়। কারণ, হ্যাচারি দুটির হাউস নির্মাণের কাজে বেশ গরমিল হয়েছে। ফলে হাউসে রাখা ডিম ছিদ্র দিয়ে পড়ে যাচ্ছে। জানতে চাইলে হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, কাগতিয়ার হ্যাচারিতে ডিম পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সরকারি হ্যাচারিগুলো ত্রুটিপূর্ণ। হাটহাজারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, এবার ডিম বেশি পাওয়া গেছে। কিন্তু হ্যাচারিতে কুয়াস্বল্পতার কারণে কিছু মৎস্যচাষির ডিম নষ্ট হয়ে গেছে। হাটহাজারী মৎস্য সমবায় সমিতির সভাপতি শ্রীধন জলদাস জানান, সরকারি শাহ মাদারি হ্যাচারির দুটি কুয়ায় তাঁর ২০ বালতি ডিম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কুয়া দুটিতে বড়জোর ১০-১২ বালতি ডিম ধারণ করার কথা, কিন্তু হ্যাচারির কুয়া ছোট হওয়ায় বাড়তি ডিমের কারণে তা সব নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, তাঁর ২০ বালতি ডিম ফোটানোর জন্য প্রয়োজন ছিল চারটি কুয়া। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে কুয়া দিয়েছে দুটি। ডিম নষ্ট হয়ে যাওয়ায় তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। যোগাযোগ করা হলে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, সরকারি হ্যাচারির স্বল্প পরিসরের কুয়ায় বেশি ডিম ছাড়ায় অক্সিজেনের অভাবে ডিম নষ্ট হয়ে গেছে। অক্সিজেন সরবরাহ বাড়াতে তিনি হ্যাচারির কুয়ায় পানির সরবরাহের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।