রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সরকারি ৩ কর্মকর্তাসহ পলাতক ১৫ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিদের কেন গ্রেপ্তার করতে পারেনি সে বিষয়ে কোনো প্রতিবেদন দেয়নি পুলিশ। গতকাল বুধবার ঢাকার বিচারিক হাকিম মো. আল আমিনের আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আদালত আগামী ৩ মার্চের মধ্যে পলাতক আসামিদের বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির প্রথম আলোকে বলেন, গত ২১ ডিসেম্বর আদালত এ মামলার পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর বিভিন্ন সময়ে ৯ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বর্তমানে ওই ৯ জনসহ ১০ জন কারাগারে আছেন। এ ছাড়া ১৬ জন জামিনে আছেন। এ মামলায় সরকারি ৪ কর্মকর্তাসহ ১৫ জন পলাতক আছেন। পুলিশ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত কোনো প্রতিবেদন না দেওয়ায় আদালত ৩ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। আনোয়ারুল কবির আরও বলেন, এ মামলায় সরকারি ৩ কর্মকর্তাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এর আগে এ মামলায় শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আলী, শহিদুল ইসলাম ও জামসেদুর রহমান এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা আওলাদ হোসেনকে আসামি করতে সরকারের অনুমতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে পাঠানো হয়। তবে মন্ত্রণালয় থেকে কোনো অনুমোদন পাঠানো হয়নি। আদালতের দৃষ্টিতে তাঁরা পলাতক আসামি।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জুন রানা প্লাজায় ভবন ধসের ঘটনায় হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় ওই ভবনের মালিক সোহেল রানাসহ ৪২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় ১৮ জনতে আসামি করা হয়। এ হিসেবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাঁদের মধ্যে ১৭ জনের নাম উভয় মামলার অভিযোগপত্রে থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক পোশাকশ্রমিক প্রাণ হারান। ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়।