রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের অন্তত ৩০ হাজার বড়ি আগুনে পুড়িয়ে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী গতকাল রোববার বিকেলে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেন।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি ওষুধগুলো বিতরণ দেখাতে আগুনে পোড়ানো হয়েছে। কিন্তু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাঁর অগোচরে কেন্দ্রের এক আয়া তা পুড়িয়েছেন। ওষুধগুলো তাঁকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছিল।
এলাকার কয়েকজন জানান, গতকাল দুপুরের দিকে ওই কেন্দ্রের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকার এক ব্যক্তি সেখানে যান। এরপর খড়কুটো সরিয়ে দেখতে পান হাজার হাজার বড়ি আগুনে পুড়ছে।
এ ঘটনা জানাজানি হলে এলাকার শত শত মানুষ সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তবে তখন ওই কেন্দ্রটি বন্ধ ছিল। পুড়িয়ে নষ্ট করা বড়ির মধ্যে কৃমিনাশক, আয়রন, ভিটামিনসহ অন্যান্য ওষুধ ছিল।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মেয়াদ উত্তীর্ণ হলেও ওষুধ পোড়ানোর নিয়ম নেই। কেন এপোড়ানো হলো, তা তদন্ত করে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তা খতিয়ে দেখতে বলেছি।’
ইএনও খন্দকার ইসতিয়াক আহমেদ আরও বলেন, মানুষের চাহিদার তুলনায় খুবই কম পরিমাণ ওষুধ স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হয়ে থাকে। তাহলে ওষুধ মেয়াদ উত্তীর্ণ হবে কেন?