সরকারি ৪ কর্মকর্তাকে সম্মাননা দিল কানাডীয় হাইকমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের চারজন সরকারি কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে কানাডীয় হাইকমিশন। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ উপলক্ষে তাঁদের এই সম্মাননা দেয় হাইকমিশন।
সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ গউস, খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল, জামালপুরের জেলা প্রশাসক সাহাবুদ্দিন খান ও সাতক্ষীরার কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারুক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস ও বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাঘামে।
বাল্যবিবাহ রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তারানা হালিম বলেন, বাল্যবিবাহ নারীর মানসিক ও শারীরিক ক্ষতির জন্য দায়ী। এটি নারীর ক্ষমতায়নেরও অন্যতম প্রতিবন্ধক। এ জন্য পরিবার ও সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাল্যবিবাহের বিরূপ প্রভাব শুধু পরিবারের ওপরই পড়ে না, এর প্রভাব সমাজ, রাষ্ট্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় পড়ে। তবে পরিবর্তন হচ্ছে। এ জন্য চেঞ্জ মেকার হিসেবে গণমাধ্যম, সরকারি-বেসরকারি সংস্থাসহ সবাইকে ধন্যবাদ জানাতে হয়।
নারীদের জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সরকারি কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ায় কানাডাকে ধন্যবাদ জানান তিনি।
কানাডার হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার বাল্যবিবাহ রোধে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তাদের অঙ্গীকার একান্ত অপরিহার্য। নিজেদের কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন এনে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের সাহস, ত্যাগ ও অধ্যবসায় সবার জন্য অনুপ্রেরণাদায়ক।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস বলেন, যেকোনো দেশের উন্নয়ন ও সম্ভাবনার দ্বার উন্মোচনে কিশোরীদের জন্য বিনিয়োগ করতে হবে। প্রত্যেক কিশোরী প্রভাবক হিসেবে স্বীকৃত। সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সব বৈষম্য কিশোরীদের ওপর সুস্পষ্ট নেতিবাচক প্রভাব ফেলে। আর এর অনিবার্য ক্ষতিকর প্রভাবের মধ্যে রয়েছে বাল্যবিবাহ ও মাতৃমৃত্যু।