সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় সরকারি চার কর্মচারীর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিতে গণপূর্ত ও শ্রম মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছেন আদালত। আগামী ১৮ আগস্ট ওই অনুমোদন পাওয়া সাপেক্ষে অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য করা হয়েছে।
একই ঘটনায় করা ইমারত নির্মাণ আইনের মামলায় রানা প্লাজার কর্ণধার সোহেল রানার মা মর্জিনা বেগমসহ পলাতক ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিচারিক হাকিম শাহিনুর রহমান ইমারত নির্মাণ আইনে করা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
হত্যা মামলায় যে চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে অনুমোদন চাওয়া হয়েছে তাঁরা হলেন শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মো. ইউসুফ আলী ও সহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক এম এ জামশেদুর রহমান ও রাজউকের ইমারত প্রকল্পের পরিচালক আওলাদ হোসেন। টঙ্গীর শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণকেন্দ্র (আইআরআই) প্রকল্পের পরিচালক বেলায়েত হোসেন চাকরি থেকে অবসরে চলে যাওয়ায় তাঁর বিষয়ে অনুমোদন চাওয়া হয়নি।
আদালতে পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, চলতি বছরের ১ জুন হত্যা ও ইমারত নির্মাণ আইনে সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দেয় সিআইডি। হত্যা মামলায় পাঁচজন সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়। ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারায় অভিযোগপত্র আমলে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বিধান রয়েছে। এ কারণে আদালত অনুমোদন চেয়েছেন। এ ছাড়া ইমারত নির্মাণ আইনের মামলায় ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ওই হত্যা মামলায় ৪১ আসামির মধ্যে ২৪ জন পলাতক আছেন। ইমারত নির্মাণ আইনে করা মামলায় ১৮ জনের মধ্যে পলাতক আছেন ছয়জন। তবে ১৭ জনের নাম দুই অভিযোগপত্রেই রয়েছে।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক পোশাকশ্রমিক প্রাণ হারান। ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বছরের ২৫ এপ্রিল সাভার থানায় দুটি মামলা করা হয়।