সরকারিদের সঙ্গে বেসরকারি শিক্ষকদের পে-কমিশনে অন্তর্ভুক্ত করার দাবি
সরকারি শিক্ষকদের সঙ্গে একই সময়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের (স্কুল-কলেজ-মাদ্রাসা) পে-কমিশনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। জুলাই থেকে বেসরকারি শিক্ষকদের পে-কমিশন বাস্তবািয়ত না হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন নেতারা।
গতকাল সোমবার সমিতির কেন্দ্রীয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। তাঁরা পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের মতো সরকারি ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য একই দিনে একযোগে বেতন স্কেল কার্যকর করার আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বৈষম্যের শিকার। যদি ছয় মাস পরে বেতন স্কেল কার্যকর করা হয় তাহলে বৈষম্য আরও বাড়বে এবং শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। ২০১৫ সালের পে-কমিশনের প্রতিবেদনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে ছয় মাস পর পে-স্কেল বাস্তবায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রস্তাবকে উদ্দেশ্যমূলক বলে তাঁরা মন্তব্য করেন।
নেতারা বলেন, বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে ২০১৫ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়ন না হলে শিক্ষকেরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলনে যেতে বাধ্য হবে।
বিবৃতিদতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক উত্তম চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিব, চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যক্ষ রফিক উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক নোমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় প্রমুখ।