সরকারিদের সঙ্গেই জাতীয় পে-স্কেল চান বেসরকারি শিক্ষক-কর্মচারীরা
সরকারি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও একই দিন থেকে জাতীয় বেতনকাঠামো কার্যকর করার দাবি জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের চট্টগ্রাম জেলা শাখা। গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দীন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফ্রন্টের জেলা সমন্বয়ক আবু তাহের চৌধুরী, ফাউজুল কবির, সমীর কান্তি দাশ, মাকসুদুর রহমান চৌধুরী, ছন্দা চক্রবর্তী, হুমায়ন কবির চৌধুরী, এন কে এম শাহারিয়ার, শিব প্রসাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ৯৫ ভাগ শিক্ষার দায়িত্ব পালনকারী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের মধ্যে রাখা হলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে।