সরকারিভাবে এইডস প্রতিরোধ সেবাকাজ বন্ধ হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি অর্থায়নে এইডস-এসটিডির প্রতিরোধমূলক সেবাকাজ গত বছরের জুন থেকে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে প্রতিরোধমূলক সেবা অব্যাহত রয়েছে।
সংসদে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, গত এক বছরে সরকারি ও বেসরকারি ১২৮টি টেস্টিং সেন্টারের (শনাক্তকরণ কেন্দ্র) মাধ্যমে চূড়ান্তভাবে দেশে ৫৭৮ জন এইডস রোগী শনাক্ত হয়েছে।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, বিশ্বের ১০০ কোটি ধূমপায়ীর ৮০ লাখ নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসকের স্বল্পতা কমানোর জন্য ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৪ হাজার ৫৭৭ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চিকিৎসাসেবা আইন, ২০১৬-এর খসড়ায় বেসরকারি চিকিৎসকদের পরামর্শ ফি সরকার কর্তৃক সময়ে সময়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারণের বিধান করা হয়েছে।
আবদুল মতিনের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, প্রত্যন্ত অঞ্চলে অনিবন্ধিত ছোট কিছু পণ্যবাহী, বালুবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল করে। এসব নৌযান আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
সানজিদা বেগমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, গত ২০১৫-১৬ অর্থবছরে দেশে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৫ হাজার ৮৪০ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। এটি তার আগের অর্থবছরের (২০১৪-১৫) তুলনায় ৩ হাজার ৫৮৯ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার কম।
এর আগে বিকেল সাড়ে চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। আলোচনা শেষে সংসদে অধিবেশন ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।