সরকারিভাবে ধান কেনায় বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ, শেরপুর, দুপচাঁচিয়া ও ধুনটে এবার বীজ ও সার ছাড়া উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে ইরি-বোরো ধান চাষে খরচ বেশি হয়েছে। কিন্তু বাজারে বিক্রি করতে গিয়ে কৃষকেরা দেখছেন, ধানের বাজারদর গতবারের চেয়ে কমে গেছে। সরকারিভাবেও ধান সংগ্রহে চলছে টালবাহানা। এ অবস্থায় এ অঞ্চলের ইরি-বোরোচাষিরা লোকসানের ভয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
শিবগঞ্জ: কৃষকদের কাছ থেকে আরও আট দিন আগেই সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা। কিন্তু গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তা শুরু করেনি কর্তৃপক্ষ। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৫ জুন পর্যন্ত এ উপজেলায় ধান সংগ্রহ চলার কথা। সে হিসাবে হাতে সময় আছে আর মাত্র ২৪ দিন।
গতকাল বৃহস্পতিবার উপজেলার ছাতুয়া গ্রামের তাজুল ইসলাম (৪৫) নামের এক ধান বিক্রেতা গ্রামে ঘুরে ঘুরে ধান কিনছিলেন। তিনি বলেন, এবার ধানের দাম একেবারেই কম। বিভিন্ন গ্রামের ধনীরা এখন কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে রেখে পরে সরকারি ক্রয়কেন্দ্রে বেশি দামে বিক্রি করবেন।
কুড়াহার গ্রামের কৃষক আফজাল হোসেন (৫৫) বলেন, ‘গুদামে ধান দিতে পারলে কৃষকদের লাভ হতো। কিন্তু গুদাম ধান নেওয়া শুরু না করায় ধানের দাম দিনে দিনে পড়ে যাচ্ছে।’
একই গ্রামের কৃষক আফজাল হোসেন (৪৫) বলেন, তিনি সাংসারিক চাহিদা মেটাতে চার মণ ধান হাটে এনেছিলেন। প্রতি মণ ধান ৪০০ টাকা দরে বিক্রি করেছেন।
উপজেলা খাদ্য কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার সরকারিভাবে ৪ হাজার ৮২৪ মেট্রিক টন ধান সংগ্রহ করার কথা রয়েছে। কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান ৯২০ টাকায় কেনার কথা। কিন্তু এখনো উপজেলার খাদ্য বিভাগ ও মিল-চাতালের মালিকেরা ধান কেনা শুরু করেননি। এ অবস্থায় হাটবাজারগুলোতে পানির দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, এখন পর্যন্ত নতুন ধানের যে বাজারদর, তাতে এবার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা বদরুল আলম বলেন, ‘সংগ্রহ অভিযান শুরুর প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহেই ধান কেনা শুরু হবে।’
শেরপুর: গত সোমবার শেরপুর বারোদুয়ারী হাট, মঙ্গলবার জামাইল ও গত বুধবার মির্জাপুর হাটে গিয়ে দেখা গেছে, মিনিকেট জাতের ধান মণপ্রতি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৬৭০ টাকায়, কাজললতা জাতের ধান মণপ্রতি ৫৫০ টাকা এবং ব্রি জাতের ধান মণপ্রতি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার বিশালপুর, ভবানীপুর, খামারকান্দি, কুসুম্বি, সুঘাট ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার বিঘাপ্রতি বোরো ধান উৎপাদনে ব্যয় হয়েছে ৮ হাজার থেকে সাড়ে ৯ হাজার টাকা। অন্যদিকে মিনিকেট, কাজললতা ও ব্রি-২৮ জাতের ফলন হয়েছে বিঘাপ্রতি ১৬ থেকে ১৮ মণ। এ ছাড়া ব্রি-২৯, ৫৮ ও ৬৪ জাতের ধানের উৎপাদন হয়েছে বিঘাপ্রতি ২০ থেকে ২৪ মণ।
উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ বলেন, বাজারে চালের দাম কম। গত আমন মৌসুমের ধান ও চাল স্থানীয় মিলারদের ঘরে এখনো প্রচুর মজুত রয়েছে। তাই তাঁরা এখন বোরো ধান কিনছেন না। সরকারিভাবেও এখনো ধান ও চাল কেনা শুরু হয়নি।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, লোকসান নয়, এবার বোরো ধান চাষে কৃষকের লাভ কম হবে।
দুপচাঁচিয়া: উপজেলার চামরুল আটগ্রামের কৃষক ফজলু আকন্দ বলেন, সপ্তাহ খানেক হলো তাঁর এলাকায় ধান কাটা শুরু হয়েছে। কামলা (ধানকাটা শ্রমিক) খরচ দিতে হবে, তাই ঘরে না তুলে খলা থেকেই হাটে ধান বিক্রি করতে এসে দেখেন, বাজারে ধানের দাম নেই। হাট-বাজারে ধানের এখন যে দাম, তাতে বিঘাপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা লোকসান হবে।
উপজেলার জিয়ানগর খলিশ্বর গ্রামের কৃষক আলেব্বর আলী বলেন, ‘হামাকেরে কথা শোনার লোক ন্যাই। চারা বীজ থ্যাকা শুরু কর্যাি সেচের পানির দাম বেশি। এবার ধান কাটার কামলার দাম গত বছরের থ্যাকা বিঘাপ্রতি সাত-আট শ টাকা বেশি দিচ্চি। এরপর জমি লাগান, ধান মাড়াই—সবকিছুর দাম বেশি। কিন্তু ধান বেচপার যাইয়া মাথাত বাজ পড়িচ্চে কিষকের।’
গতকাল সকালে ধাপসুলতানগঞ্জ হাটে মোটা জাতের হিরা ধান মণপ্রতি ৪০০ টাকা, বিআর-৩২ ধান মণপ্রতি ৪২০ টাকা, চিকন জিরা জাতের ধান ৬৩০ টাকা দরে বেচাকেনা হতে দেখা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন শঙ্কা প্রকাশ করে বলেন, কৃষকেরা কয়েক বছর ধরে ধানের দাম পাচ্ছেন না। এ অবস্থা চললে একসময় কৃষক ধান চাষে মুখ ফিরিয়ে নিতে পারেন।
ধুনট: উপজেলার ভরনশাহী গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, প্রতি বিঘা জমির পেছনে ব্যয় হয়েছে মোট ১১ হাজার ৫০০ টাকা। ধান হয়েছে ২৫ মণ। এর মধ্যে ১০ মণ জমির মালিককে দিতে হয়েছে। বাকি ১৫ মণ ধান ৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এতে তাঁর এক বিঘা জমিতে সাড়ে তিন হাজার টাকা লোকসান হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর চলতি মৌসুমে ধুনট উপজেলায় মোট ১ লাখ ২৩ হাজার ৭০০ বিঘা জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি বিঘায় এসব ধানের চারা রোপণ থেকে মাড়াই পর্যন্ত উৎপাদন খরচ হয়েছে গড়ে প্রায় ১৩ হাজার টাকা। উৎপাদন হয়েছে ২৫-৩০ মণ। এর মধ্যে বর্গাচাষিকে জমির মালিকদের ১০ মণ করে ধান দিতে হয়েছে। প্রতি মণ ধান বাজারে ৫০০-৬০০ টাকায় বিক্রি করে কৃষকের ঘরে জমা পড়ছে মাত্র ১০-১১ হাজার টাকা। প্রতি বিঘায় ২-৩ হাজার টাকা লোকসান হচ্ছে কৃষকের।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমও স্বীকার করেন, এবার বোরো ধানের ফলন ভালো হলেও বাজারে নতুন ধানের দাম কম থাকায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। তবে ব্যবসায়ী ও সরকারিভাবে ধান ক্রয় শুরু হলে চাষিরা লাভবান হবেন।
উপজেলা ক্রয়-বিক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সরকারিভাবে ৯২০ টাকা দরে ৩৪ হাজার ৪৭০ মেট্রিক টন ধান ক্রয়ের পত্র পাওয়া গেছে। কয়েক দিনের মধ্যে কৃষকদের কাছ থেকে এসব ধান ক্রয় শুরু করা হবে।