সরকারিভাবে ধান সংগ্রহ হয়নি, ফেরত গেছে অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় সরকারিভাবে ধান সংগ্রহ না হওয়ায় খাদ্য অধিদপ্তর থেকে বরাদ্দ করা প্রায় ৪১ লাখ টাকা ফেরত পাঠানো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪৬৩ জন চাষির তালিকা তৈরি করলেও চার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোনো চাষিই ধান বিক্রি করতে পারেননি।

চাষিদের অভিযোগ, সরকারিভাবে ধান কেনার যে নীতিমালা করা হয়েছে, এর আওতায় পাহাড়ের চাষিরা ধান বিক্রি করতে পারবেন না। তাঁরা পাহাড়ের জন্য ধান কেনার শর্ত শিথিল করার দাবি জানিয়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ প্রকল্পের আওতায় দীঘিনালা উপজেলার চাষিদের কাছ থেকে প্রতি কেজি ২৩ টাকা মূল্যে ২৫১ মেট্রিক টন ধান কেনার জন্য গত ৫ মে খাদ্য অধিদপ্তর থেকে ৪০ লাখ ৮১ হাজার ৫১১ টাকা বরাদ্দ দেওয়া হয়। ধান কেনার ক্ষেত্রে খাদ্য অধিদপ্তর থেকে চারটি শর্ত দেওয়া হয়। এগুলো হলো ফসলের আর্দ্রতা ১৪ শতাংশের বেশি হবে না, বিজাতীয় পদার্থ থাকতে পারবে শূন্য দশমিক ৫ শতাংশ, ভিন্ন জাতের ধানের মিশ্রণ হতে পারবে ৮ শতাংশ ও চিটা শূন্য দশমিক ৫ শতাংশে বেশি থাকতে পারবে না।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭ মে উপজেলা বোরো ধান সংগ্রহ কমিটির সভায় ধান কেনার সিদ্ধান্ত হয়। কৃষি বিভাগকে কৃষকদের নামের তালিকা তৈরি করে জমা দেওয়ার জন্য বলা হয়। এরপর খাদ্যগুদামে ধান বিক্রির জন্য উপজেলার পাঁচটি ইউনিয়নের বোয়ালখালীর (সদর) ৪৪ জন চাষির ৪৩ মেট্রিক টন, মেরুংয়ের ১৬১ চাষির ৮০ মেট্রিক টন, কবাখালীর ১১১ জন চাষির ৪৮ মেট্রিক টন, দীঘিনালার ১১৪ জন চাষির ৪২ মেট্রিক টন ও বাবুছড়ার ৩৩ জন চাষির ৩৮ মেট্রিক টন ধান বিক্রির তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু শর্ত মেনে কোনো কৃষক ধান বিক্রি করতে পারেননি।

চাষি রাজেশ চাকমা, প্রকাশ বড়ুয়া ও অনিল কান্তি চাকমা জানান, তাঁরা ধান বিক্রির জন্য খাদ্যগুদামে নমুনা দিয়েছিলেন। কিন্তু ধান কেনার যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তা মেনে কোনো চাষির পক্ষে ধান বিক্রি করা সম্ভব হবে না। তাই চাষিরা ধান বিক্রি করতে পারেননি। তাঁরা পাহাড়ের জন্য ধান কেনার শর্তটি শিথিল করার জন্য সরকারের কাছে দাবি জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞানেন্দু চাকমা বলেন, ধান ক্রয়ে খাদ্য অধিদপ্তর থেকে যে নীতিমালা দেওয়া হয়েছে, তা দীঘিনালার চাষিদের জমা দেওয়া ধানের সঙ্গে মিলে না। তাই ধান কেনা সম্ভব হয়নি। এ জন্য বরাদ্দ দেওয়া ৪০ লাখ ৮১ হাজার ৫১১ টাকা খাদ্য অধিদপ্তরে ফেরত পাঠানো হয়েছে।

জ্ঞানেন্দু চাকমা জানান, ধান কেনার শেষ সময় ছিল ৩০ জুলাই পর্যন্ত। যেহেতু বোরো মৌসুম শেষ হয়ে এখন আমন বোনা হচ্ছে, তাই শেষ সময়ের আগেই অর্থ ফেরত পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. শাহীনূল ইসলাম বলেন, ‘আমরা ধান বিক্রির জন্য পাঁচটি ইউনিয়নের চাষিদের তালিকা করেছিলাম। খাদ্য বিভাগের নীতিমালার কড়াকড়ির কারণে দীঘিনালার ৪৬৩ জন কৃষকের মধ্যে একজনও ধান বিক্রি করতে পারেননি। কৃষকেরা আমার কাছে ধান বিক্রি করতে না পারার অভিযোগ জানিয়েছেন। কিন্তু সরকারি নীতিমালার বাইরে তো আর কেউ যেতে পারবে না। তবে পাহাড়ের চাষিদের বিষয়টি একটু চিন্তা করা প্রয়োজন।’