বাংলাদেশ থেকে সরকারিভাবে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। এ ছাড়া দেশটি তাদের শ্রমবাজারের জন্য বাংলাদেশকে ‘উৎস দেশ’ করার কথাও ভাবছে। উৎস দেশ হলে সংশ্লিষ্ট দেশ থেকে কর্মী নেওয়া নিয়োগকারীদের জন্য সহজ হওয়ার পাশাপাশি খরচ কমে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ সফররত মালয়েশিয়ার প্রতিনিধিদলের প্রধান হানিফ বিন ওমর গতকাল বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন। মালয়েশীয় অভিবাসন কর্তৃপক্ষের বিদেশি শ্রমিক বিভাগের পরিচালক হামিদ বিন ওমরের নেতৃত্বে দেশটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার ঢাকায় আসে। তাঁদের সফরের অভিজ্ঞতা নিয়ে গতকাল জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ২০০৭ ও ২০০৮ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় লোক পাঠানোর সময় ভয়াবহ বিশৃঙ্খলা হয়েছিল। ভবিষ্যতে যেন এসব সমস্যা না হয়, সে লক্ষ্যে মালয়েশিয়ার প্রতিনিধিদল এসে সব প্রক্রিয়া দেখেছে। তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। এ মাসের শেষেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন। এর পরে কর্মী পাঠানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে।হানিফ বিন ওমর বলেন, ‘আমরা বাংলাদেশি শ্রমিকদের নাম নিবন্ধন প্রক্রিয়া, দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর প্রক্রিয়াসহ সার্বিক কার্যক্রম দেখেছি। আমরা সবকিছু দেখে খুশি। আমরা ফিরে গিয়ে সরকারকে ইতিবাচক অভিমত দেব।’ বাংলাদেশ থেকে কীভাবে লোক নেওয়ার কথা ভাবছেন জানতে চাইলে হানিফ বিন ওমর বলেন, ‘আমরা মনে করি, সরকারিভাবে লোক নিলে উভয় দেশের দালালপ্রথা ভেঙে যাবে। শ্রমিকেরা খুব কম খরচে বিদেশে যেতে পারবেন এবং খুব দ্রুত খরচের টাকা তুলে আনতে পারবেন। তাই আমরা এ পদ্ধতিতেই লোক নেওয়ার প্রস্তাব করব।’ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রতিনিধিদলের বাকি পাঁঁচ সদস্য এবং প্রবাসী কল্যাণসচিব জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার এ প্রতিনিধিদল জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেসে (বোয়েসেল) গিয়ে জনশক্তি রপ্তানি কার্যক্রম দেখে। এ ছাড়া কক্সবাজারে গিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে শ্রমিক নিবন্ধন প্রক্রিয়াও দেখেন এর সদস্যরা।