বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হতে পারে, এমন আশা করছে সরকার। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেছেন, অনিয়ম বন্ধে এবার সরকারিভাবেই মালয়েশিয়ায় লোক পাঠানো হবে। কিন্তু জনশক্তি রপ্তানিকারকেরা এর বিরোধিতা করে তাঁদের মাধ্যমেই লোক পাঠানোর দাবি জানিয়েছেন।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা গতকাল বৃহস্পতিবার প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা বলেছেন, তাঁরা এই খাতের ব্যবসায়ী। তাই লোক পাঠাতে হলে তাঁদের মাধ্যমেই পাঠাতে হবে। এ ছাড়া সরকারিভাবে বিপুল পরিমাণ লোক পাঠানোর সক্ষমতাও নেই।বৈঠকে বায়রা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরী। এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার উপস্থিত ছিলেন।বৈঠক শেষে আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী আমাদের বলেছেন, মালয়েশিয়া নাকি সরকারিভাবে লোক নিতে চায়। আমরা মন্ত্রীকে বলেছি, এই খাতের ব্যবসায়ী আমরা। কাজেই আমরাই ব্যবসা করব। মন্ত্রী বলেছেন, বাংলাদেশ থেকে অভিবাসন খরচ অনেক বেশি। এই খরচ কমাতে হবে। মালয়েশিয়া থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। এর আগেই মন্ত্রী আমাদের একটি প্রস্তাব দিতে বলেছেন।’শাহজালাল মজুমদার বলেন, ‘মন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বায়রার পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে। আমরা খরচ কমিয়ে আগামী সোমবারের মধ্যে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব জমা দেব।’বায়রার নেতারা বলেন, মন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেছেন, সরকার ব্যবসা করবে না। ব্যবসায়ীরাই লোক পাঠাবে।বায়রার এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে প্রবাসীকল্যাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তাঁরা কী বলছেন, সেটি তাঁরাই জানেন। মালয়েশিয়ায় অতীতে অনেক অনিয়ম হয়েছে। এ কারণে অভিবাসন ব্যয় কমানোসহ অন্যান্য অনিয়ম রোধে সরকারি ব্যবস্থাপনাতেই মালয়েশিয়ায় লোক পাঠানো হবে। উভয় দেশের মধ্যে আস্থার সম্পর্ক ও বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হলে পরবর্তী সময়ে একটি গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণ করে বেসরকারি খাতে লোক পাঠানো হবে।’