সরকারিভাবে লোক পাঠালে জনশক্তি রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নেতিবাচক প্রচারণা’ বন্ধ এবং মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে জনশক্তি রপ্তানি বন্ধ রাখার হুমকি দিয়েছেন জনশক্তি রপ্তানিকারকেরা। এ ব্যাপারে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ) নেতারা গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দাবি তুলে ধরেন। বায়রার সভাপতি শাহজালাল মজুমদার বলেন, ‘জনশক্তি রপ্তানিকারকদের সম্পর্কে সাম্প্রতিক সময়ে মন্ত্রী, সচিব ও মালয়েশিয়ার হাইকমিশনার নেতিবাচক মন্তব্য করছেন। এতে আমরা মর্মাহত। তাঁদের এই অবস্থান বদলাতে হবে।’ পরিকল্পনাহীনতার অভিযোগ করে শাহজালাল মজুমদার বলেন, ‘সুপরিকল্পিত নিয়মনীতি না করে মন্ত্রণালয়ের যখন যা ইচ্ছা হয় তা-ই করছে। মন্ত্রী মহোদয় প্রতিদিনই “রেট” বাড়াচ্ছেন। এক দিন তিনি বলছেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে ৪০ হাজার টাকা লাগবে, এক দিন বলছেন ৫০ হাজার টাকা লাগবে। আবার এক দিন বলছেন ৮০ হাজার টাকা লাগবে। আমাদের কথা হলো, মালয়েশীয় নিয়োগকারী কর্তৃপক্ষই যদি বিমানভাড়াসহ অন্যান্য খরচ দেয়, তাহলে ২০ হাজার টাকার বেশি কেন লাগবে?’মালয়েশিয়ায় সরকারিভাবে লোক পাঠানোর বিরোধিতা করে সভাপতি বলেন, ‘সরকারিভাবে লোক পাঠাতে গেলে কত অনিয়ম হয়, তা আমরা দক্ষিণ কোরিয়া, জর্ডানসহ অন্যান্য দেশের ক্ষেত্রে দেখেছি।’ তিনি পরিসংখ্যান তুলে ধরে দেখান স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সরকারিভাবে সামান্য কর্মীই বিদেশে গিয়েছেন।বিদেশগামীদের কাছ থেকে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ইত্যাদি অভিযোগের পরিপ্রেক্ষিতে আপাতত মালয়েশিয়ায় শুধু সরকারিভাবে লোক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ব্যাপক অনিয়মের কারণে মালয়েশিয়া একাধিকবার বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দেয়। ব্যাপক চেষ্টা-চরিত্রের পর শিগগিরই আবার সে বাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ২০০৭ ও ২০০৮ সালে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কর্মী পাঠিয়ে বায়রা অনিয়ম করেছিল। কিন্তু বাস্তবতা হলো, দূতাবাস বা হাইকমিশনের সত্যায়ন ছাড়া জনশক্তি রপ্তানিকারকেরা একজন লোকও পাঠাতে পারেন না। এ ক্ষেত্রে তাহলে হাইকমিশন ও মন্ত্রণালয় কী করল?’ বায়রার মহাসচিব অভিযোগ করেন, মালয়েশিয়ার ব্যাপারে কথা বলার জন্য তিনবার মন্ত্রীর সময় চেয়েও পাননি। তিনি বলেন, ‘আমরা জানি প্রধানমন্ত্রী এ খাতের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমরা এ ব্যাপারে তাঁর হস্তক্ষেপ চাই।’ মালয়েশিয়ায় পাঁচ-ছয় লাখ লোক লাগবে উল্লেখ করে বায়রার নেতারা দাবি করেন, সরকারের এত লোক পাঠানোর ক্ষমতা নেই।