সরকারিভাবে ৩০০ ওষুধের দাম নির্ধারণের পরিকল্পনা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বাজারে ৩০০ ওষুধের দাম নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। জাতীয় সংসদে গতকাল সোমবার প্রশ্নোত্তর পর্বে সাধনা হালদারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।সম্পূরক প্রশ্নে সাধনা হালদার বলেন, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের ইচ্ছামতো ওষুধের দাম বাড়াচ্ছে। এ ব্যাপারে মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে? জবাবে মন্ত্রী বলেন, ‘ইচ্ছামতো ওষুধের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। বর্তমানে সরকার ১১৭টি ওষুধের দাম নির্ধারণ করে থাকে। বাকি ওষুধের দাম নির্ধারণ করে প্রতিষ্ঠানগুলো। তবে এ বিষয়ে আমরা অন্ধ নই। সরকারিভাবে ৩০০ ওষুধের দাম নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা আছে।’ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, জ্বালানি তেলের দাম, কাঁচামালসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় কিছু কিছু ওষুধের দাম বেড়েছে।সাধনা হালদারের অপর এক প্রশ্নের জবাবে রুহুল হক বলেন, দেশে সনদবিহীন ফার্মেসির সঠিক সংখ্যা সরকারের কাছে নেই। তবে লাইসেন্সধারী ফার্মেসির সংখ্যা প্রায় ৯২ হাজার। পিনু খানের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে চাহিদার মাত্র ৩ শতাংশ ওষুধ আমদানি করা হয়। আশা করা যায়, ভবিষ্যতে এ ধরনের ওষুধ আর আমদানি করতে হবে না।শাহিদা তারেখ দীপ্তির প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে ব্যক্তিমালিকানাধীন যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো দ্রুত বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষা ব্যয়ভার কলেজের ব্যবস্থাপনা কমিটি নির্ধারণ করে। তবে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ফি নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা সরকারের আছে।হাফিজ উদ্দিন আহম্মদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশের ইউনিয়ন ও উপজেলায় চিকিৎসকদের শূন্য পদের সংখ্যা চার হাজার ৪৫টি।সম্পূরক প্রশ্নে আবদুল মান্নান বলেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক ও সেবিকা থাকেন না। এ ব্যাপারে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে?জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ৩০টি পর্যবেক্ষণ কমিটি আছে। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা সফরে যায় এবং কাউকে কর্মস্থলে না পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এ পর্যন্ত শতাধিক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ৮৭১ জন। এইডস রোগীর সংখ্যা এক হাজার ২০৪ জন। এ পর্যন্ত বাংলাদেশে এইডস রোগে মৃত্যু হয়েছে ৩৯০ জনের। সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি জানান, সারা দেশে বর্তমানে আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬ হাজার ৭৫৮ জন।